দেশ
৮৫০ উড়ান বাতিলে চরম যাত্রী ভোগান্তি, ইন্ডিগোর সিইও-কে শোকজ নোটিস কেন্দ্রের
ডিজিসিএ-র প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নতুন রিভাইজড ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল) নিয়ম কার্যকর হওয়ার আগেই সব এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয়েছিল।
Truth Of Bengal: দেশজুড়ে বিমান পরিষেবায় টানা ছয় দিনের বিপর্যয়ের জেরে কেন্দ্রীয় সরকার কঠোর পদক্ষেপ নিল। ইন্ডিগো এয়ারলাইন্সের সিইও পিটার এলবার্সকে শো-কজ নোটিস পাঠাল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
ডিজিসিএ-র প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নতুন রিভাইজড ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল) নিয়ম কার্যকর হওয়ার আগেই সব এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পর্যাপ্ত ক্রু ও পাইলটের ব্যবস্থা না করে ইন্ডিগো শীর্ষ কর্তৃপক্ষ গাফিলতি করেছেন বলে অভিযোগ। এর ফলেই একের পর এক উড়ান বাতিল ও দীর্ঘ বিলম্বের ঘটনা ঘটেছে।অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু শুক্রবার ইন্ডিগোর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকের পর মন্ত্রকের তরফে জানানো হয়, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী সতর্ক করেছেন।শনিবারও দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে প্রায় ৮৫০টি উড়ান বাতিল হয়েছে, যার বেশিরভাগই ইন্ডিগোর। ফলে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন এবং বিক্ষোভ দেখান।ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। বর্তমানে তাদের পরিষেবার প্রায় ৯৫ শতাংশ পুনরুদ্ধার হয়েছে। শনিবার ১১৩টি গন্তব্যে ৭০০-র বেশি উড়ান পরিচালিত হয়েছে।
রবিবার প্রায় ১,৫০০ উড়ান চালানোর পরিকল্পনা রয়েছে বলে সংস্থা দাবি করেছে। ১৩৮টি রুটের মধ্যে ১৩৫টিতে পরিষেবা ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে এবং ১০-১৫ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।তবে কেন্দ্র শুধু আশ্বাসে সন্তুষ্ট নয়। সরকারি সূত্রে খবর, ইন্ডিগোর বিরুদ্ধে ভারী আর্থিক জরিমানা থেকে শুরু করে বিমানবন্দর স্লট কমিয়ে দেওয়ার মতো শাস্তিমূলক পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।এই ঘটনায় একাধিকবার যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিগো। তবু যাত্রীদের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। সব নজর এখন ডিজিসিএ-র চূড়ান্ত রিপোর্ট এবং কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকে।




