এবার গুজরাতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের হদিশ! বাড়ছে উদ্বেগ
hmpv virus infected identified in gujarat
Truth Of Bengal: বেঙ্গালুরুর পর এবার গুজরাতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের হদিশ। গুজরাতের চাঁদখেরাতে এক দু মাসের শিশুর দেহে মিলেছে এই ভাইরাস। এর আগে বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে তিন মাসের শিশুর শরীরে ভাইরাসের হদিশ মেলে। দ্বিতীয় কেসটিও বেঙ্গালুরুর। আট মাসের শিশু এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত।
উদ্বেগের মাঝেই এবার ভারতে ঢুকে পড়ল এইচএমপিভি ভাইরাস। জানা গিয়েছে, প্রথমে বেঙ্গালুরুর একটি শিশুর দেহে এই ভাইরাসের হদিশ মিলেছে। হাসপাতালে ভর্তি ছিল আক্রান্ত শিশুটি। তার দেহের নমুনা পরীক্ষা করতে গিয়েই এই ভাইরাসের খোঁজ মিলেছে। ওই রাজ্যের স্বাস্থ্য দফতর এই সংক্রমণের সত্যতা শিকার করেছে। এর আগে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, বেসরকারি হাসপাতাল ওই শিশুর দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করলেও সরকারের পক্ষ থেকেও নমুনা পরীক্ষা করা হবে। এবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এল।
বেশ কিছুদিন ধরেই চিনে হিউম্যান মেটানিউমোভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে। আক্রান্ত হচ্ছে মূলত শিশু ও কিশোররা। সংক্রমণ ছড়াচ্ছে ফুসফুসে। এইচএমপিভি-এর উপসর্গ গুলি হল, সর্দি-কাশি, লাগাতার জল পড়া, অসম্ভব গলা ব্যথা। এই ভাইরাসের এখনও পর্যন্ত ভ্যাকসিন না থাকায় ভয় ধরাচ্ছে। যদিও চিনা স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এ ধরনের রোগ শীতকালে স্বাভাবিক। অস্বাভাবিক বা আতঙ্কের কিছু নেই।
উল্লেখ্য, গত শনিবার এই নতুন ভাইরাস নিয়ে জয়েন্ট মনিটরিং গ্রুপের বৈঠক ডাকা হয় মন্ত্রকের তরফে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রক বিবৃতি জারি করে বলে, ‘WHO-র তরফে যা খবর মিলছে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।’
এদিকে, কেরল প্রশাসন আগেভাগেই সতর্ক হচ্ছে। HMPV ভাইরাসের উল্লেখ করে সরকারের তরফে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষভাবে সতর্ক থাকতে হবে অন্তঃসত্ত্বা ও বয়স্ক নাগরিকদের।






