Himachal Floods: প্রকৃতির রোষে বিপর্যস্ত হিমাচল! ধসে প্রাণ গেল ৫ জনের
মৌসম ভবন কাংগ্রা, মাণ্ডি, সিরমৌর ও কিন্নর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে।
Truth of Bengal: অবিরাম বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মঙ্গলবার মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিভিন্ন জেলায় একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। ভেঙে পড়েছে বাড়ি, ধসে গিয়েছে রাস্তা। ইতিমধ্যেই রাজ্যের মোট ১,৩৩৭টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে রয়েছে চারটি জাতীয় সড়কও।মৌসম ভবন কাংগ্রা, মাণ্ডি, সিরমৌর ও কিন্নর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। উনা ও বিলাসপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা (Himachal Floods)।
সোলানের সামলোহ গ্রামে সোমবার রাতে বাড়ি ভেঙে চাপা পড়ে মারা গিয়েছেন হেমলতা নামে এক মহিলা। তাঁর স্বামী, চার সন্তান ও ৮৫ বছরের শাশুড়ি অল্প আঘাত নিয়ে প্রাণে বেঁচে গিয়েছেন। কুল্লুর ঢালপুরে ধসে ভেঙে পড়া বাড়ির তলায় চাপা পড়েন এক দম্পতি। পরে মহিলা মারা যান। মাণ্ডির সুন্দরনগরে ভূমিধসে প্রাণ যায় তিনজনের— মৃতদের মধ্যে আছেন ২৮ বছরের ভর্তি নামে এক মহিলা এবং তাঁর আড়াই বছরের মেয়ে কীর্তন। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ ও পুলিশ। শিমলা, কাংগ্রা ও সিরমৌরের সব সরকারি-বেসরকারি স্কুল, কোচিং সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট বুধবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন (Himachal Floods)।
Truth of Bengal: https://www.facebook.com/truthofbengal
শিমলার প্রশাসক অনুপম কাশ্যপ জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে যেকোনও মুহূর্তে ধস নামতে পারে। তাই বিপদ এড়াতে ক্লাস শুধুমাত্র অনলাইনে নেওয়া হবে।মানালির নয়টি গ্রাম প্লাবিত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাণ্ডির পাড্ডাল গুরুদ্বারা এলাকায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বাড়ি। কুল্লুর আনি অঞ্চলেও দেখা দিয়েছে ভাঙন।১,৩৩৭টি বন্ধ রাস্তায় মাণ্ডিতে ২৮২, শিমলায় ২৫৫, চম্বায় ২৩৯, কুল্লুতে ২০৫ এবং সিরমৌরে ১৪০টি। এর মধ্যে শিমলা-কালকা জাতীয় সড়ক ও চণ্ডীগড়-মানালি হাইওয়ে-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে (Himachal Floods)।





