Gujarat: গুজরাটে আবাসিক স্কুলে খাবারের বিষক্রিয়ায় অসুস্থ ৬০ পড়ুয়া
পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে।
Truth of Bengal: গুজরাটের দহোড় জেলার মন্দোর লুখাড়িয়া গ্রামের এক আবাসিক স্কুলে খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল ৬০ জন পড়ুয়া। শুক্রবার সন্ধেয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অসুস্থ পড়ুয়াদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে ১২ জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। কেউ পেট ব্যথা, কেউ বমি, কেউ অচৈতন্য হয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় স্কুল চত্বরে।(Gujarat)
[আরও পড়ুনঃ Google’s Doppl app: পোশাক মানাবে কি না? জানাবে গুগলের নতুন অ্যাপ]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা প্রশাসনের আধিকারিক ও শিক্ষা দফতরের প্রতিনিধিরা। পরিস্থিতি মূল্যায়ন করতে গভীর রাতে ঊর্ধ্বতন জেলা কর্মকর্তা এবং খাদ্য নিরাপত্তা পরিদর্শকরা হাসপাতালে পৌঁছান। জেলা প্রশাসন এবং খাদ্য বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, খাবারের বিষক্রিয়াই এই ঘটনার কারণ। যে খাবার পরিবেশন করা হয়েছিল, তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল। তবে, যাঁদের অবস্থার অবনতি হয়েছিল, তাঁদের অধিকতর চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।(Gujarat)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রসঙ্গত, গত ১৮ জুন গুজরাটের আরেকটি স্কুলেও একই ধরনের ঘটনায় ২৫ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিল। সেই ঘটনাতেও খাবারের বিষক্রিয়াই ছিল নেপথ্যে। পরপর ঘটনার পুনরাবৃত্তিতে স্কুলে খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।






