Air Ticket Price: শেষ মুহূর্তের বাড়তি ভাড়া এবার অতীত! বিমান ভাড়া নির্দিষ্ট করল কেন্দ্র
সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু ‘ফারে সে ফুরসৎ’ (Fare se Fursat) নামে একটি বিশেষ স্কিমের উদ্বোধন করেন।
Truth of Bengal: বিমান টিকিটের ভাড়া নিয়ে যাত্রীদের মানসিক চাপ এবার কমতে পারে। সাধারণত ভারতে বিমানের টিকিট কখন কাটা হচ্ছে, তার উপর নির্ভর করে ভাড়ার তারতম্য হয়। শেষ মুহূর্তে টিকিট কাটলে ভাড়া অনেক বেড়ে যায়, যার ফলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মানুষেরা বিমানে চড়তে ইতস্তত করেন। তবে এবার এই প্রথা বদলানোর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক জানিয়েছে, এখন থেকে একটি নির্দিষ্ট রুটের ক্ষেত্রে ভাড়া হবে নির্দিষ্ট এবং যাত্রী যখনই টিকিট বুক করুন না কেন, ভাড়া থাকবে একই (Air Ticket Price)।
সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু ‘ফারে সে ফুরসৎ’ (Fare se Fursat) নামে একটি বিশেষ স্কিমের উদ্বোধন করেন। সরকারি মালিকানাধীন বিমান সংস্থা ‘অ্যালায়েন্স এয়ার’ প্রাথমিকভাবে এই স্কিমটি চালু করছে। মন্ত্রকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যাত্রীদের ভাড়া নিয়ে মানসিক চাপ থেকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত।” গত ১৩ অক্টোবর থেকে নির্দিষ্ট কয়েকটি রুটের জন্য এই পদক্ষেপ কার্যকর করা হয়েছে। মন্ত্রী নাইডু জানান, মধ্যবিত্তদের জন্য যাতে বিমান ভাড়া সুলভ হয়, সেই চেষ্টাই করছে অ্যালায়েন্স এয়ার (Air Ticket Price)।
এই স্কিমের পাশাপাশি, উড়ান যাত্রীদের জন্য আরও একটি সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এখন থেকে উড়ান যাত্রী ক্যাফেতে মাত্র ১০ টাকায় চা এবং ২০ টাকায় কফি পাওয়া যাবে। মন্ত্রী উড়ান (UDAN) স্কিমের ক্ষেত্রে অ্যালায়েন্স এয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন। বর্তমানে দেশের ৫৯টি গন্তব্যে যায় অ্যালায়েন্স এয়ারের বিমান এবং দেশের বাইরে শ্রীলঙ্কাতেও এই সংস্থার বিমান চলাচল করে। এই নতুন নীতি কার্যকর হলে, শেষ মুহূর্তের অতিরিক্ত ভাড়ার বোঝা থেকে মুক্তি পেয়ে সাধারণ মানুষও স্বস্তিতে বিমানের টিকিট কাটতে পারবেন বলে আশা করা হচ্ছে (Air Ticket Price)।






