নির্বাচক তালিকায় স্বচ্ছতা বাড়াতে নয়া পদক্ষেপ, বাধ্যতামূলক ‘ই-সাইন’ চালু কমিশনের
কমিশনের বক্তব্য, অনলাইনে নতুন নাম তোলা, নাম বাদ দেওয়া বা সংশোধনের আবেদনে এই ব্যবস্থা চালু হলে ভুল তথ্য জমা বা ভুয়ো আবেদন কার্যত ঠেকানো যাবে।
Truth Of Bengal: নির্বাচক তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে ‘ই-সাইন’ প্রযুক্তি চালু নির্বাচন কমিশনের। কমিশনের বক্তব্য, অনলাইনে নতুন নাম তোলা, নাম বাদ দেওয়া বা সংশোধনের আবেদনে এই ব্যবস্থা চালু হলে ভুল তথ্য জমা বা ভুয়ো আবেদন কার্যত ঠেকানো যাবে।
এদিকে সেপ্টেম্বরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, অনলাইনে প্রায় ৬ হাজার ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল। তাঁর দাবি, বহু ক্ষেত্রে প্রকৃত ভোটারের তথ্য ব্যবহার করেই এই আবেদন জমা দেওয়া হয় এবং ফর্ম জমার সময় ব্যবহৃত ফোন নম্বরও আসল ভোটারের ছিল না। ওই বিতর্কের পরই নতুন প্রযুক্তি চালুর সিদ্ধান্ত কমিশনের।
নতুন ব্যবস্থায় পোর্টাল ও অ্যাপে ফর্ম ৬, ৭ ও ৮ পূরণের সময় আবেদনকারীর আধার-লিঙ্কযুক্ত মোবাইল নম্বর দিয়ে পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। ফর্ম পূরণের পর ‘ই-সাইন’ সিস্টেম আবেদনকারীর ভোটার কার্ড ও আধারের নাম এক কি না জেনে নেয়। এরপর আধারের সঙ্গে যুক্ত নম্বরে ওটিপি পাঠানো হয়। ওটিপি দিয়ে যাচাই সম্পূর্ণ করলেই আবেদন গৃহীত হবে।
কমিশনের এক আধিকারিক জানান, “আগে যাচাই ছাড়াই কেউ আবেদন জমা দিতে পারতেন। এখন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির আধার-লিঙ্কযুক্ত ফোন নম্বর ছাড়া কোনও পরিবর্তন সম্ভব নয়। ফলে স্বচ্ছতা বাড়বে এবং জালিয়াতির সুযোগ কমবে।”






