IndiGo Flight Cancellation: ইন্ডিগো কাণ্ডে কড়া পদক্ষেপ! ফ্লাইট বিপর্যয়ের জেরে বরখাস্ত DGCA-এর ৪ শীর্ষ আধিকারিক
সূত্রের খবর, এই চারজন আধিকারিকের ওপর ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন সংক্রান্ত তদারকির দায়িত্ব ছিল।
Truth of Bengal: ফ্লাইট বাতিল এবং যাত্রীদের চরম দুর্ভোগের জেরে ইন্ডিগোর উপর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর অবশেষে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) চারজন ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’-কে বরখাস্ত করল। সূত্রের খবর, এই চারজন আধিকারিকের ওপর ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন সংক্রান্ত তদারকির দায়িত্ব ছিল। যদিও ডিজিসিএ সরাসরি বরখাস্তের কোনো কারণ ঘোষণা করেনি, তবে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরদের প্রধান কাজ হলো বিমান চলাচল সংক্রান্ত সমস্ত নিয়মকানুন ও সুরক্ষা ব্যবস্থা সঠিকভাবে পালন করা হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখা। ঘটনার তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে, এই একই দিনে ডিজিসিএ ইন্ডিগোর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পিটাস এলবার্সকে তলব করেছে। মনে করা হচ্ছে, ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা কীভাবে দ্রুত স্বাভাবিক করা যায়, পাশাপাশি কর্মী নিয়োগের পদ্ধতি এবং এই বিপর্যয়ের কারণ সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
চলতি মাসেই ইন্ডিগো এয়ারলাইন্স এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে। এর ফলে দেশজুড়ে যাত্রীদের বিশাল ভোগান্তির শিকার হতে হয়। এই পরিস্থিতিতে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নায়ডু কড়া বার্তা দিয়েছিলেন যে, এই ফ্লাইট বাতিল এবং যাত্রী দুর্ভোগের জন্য যে বা যারা দায়ী, তাদের কাউকেই রেয়াত করা হবে না। ইতিমধ্যে ডিজিসিএ-এর একটি প্রতিনিধি দল গুরুগ্রামের ইন্ডিগোর প্রধান অফিসে রয়েছে। তারা ফ্লাইট বাতিল হওয়ার কারণ, নতুন ক্রু নিয়োগের প্রক্রিয়া এবং যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পদ্ধতি সহ সমস্ত কিছুর ওপর নিবিড় নজরদারি চালাচ্ছে।






