দেশ

দিল্লিতে বিজেপির মেগা বৈঠক! আজই কি চূড়ান্ত হচ্ছে বাংলার প্রার্থী তালিকা?

তাই ২০২৬ সালের নির্বাচনকে গেরুয়া শিবির কার্যত ‘ডু অর ডাই’ লড়াই হিসেবেই দেখছে।

Truth Of Bengal: আগামী সোমবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দলের নির্বাচনী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে। উল্লেখ্য, আগামী শনিবার মোদির বঙ্গ সফর নির্ধারিত রয়েছে। ফলে তার আগেই অনুষ্ঠিত এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত কয়েকটি নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি প্রত্যাশিত ফল পায়নি। তাই ২০২৬ সালের নির্বাচনকে গেরুয়া শিবির কার্যত ‘ডু অর ডাই’ লড়াই হিসেবেই দেখছে। দলের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীও এক জনসভায় এমনই মন্তব্য করেছিলেন। তাছাড়া এবারের নির্বাচন হবে এসআইআর পরবর্তী পরিস্থিতিতে, যার ফলে ভোটকে ঘিরে বিজেপির উদ্বেগ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যে বিজেপির সংগঠন এখনও ততটা শক্তিশালী নয়। দক্ষ সংগঠকের অভাব এবং দলের অভ্যন্তরীণ কোন্দলও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়া ভোটবাক্সে বিজেপির খুব বেশি সুবিধা এনে দেবে না বলেও অনেকের ধারণা। ফলে এই নির্বাচনের আগে বেশ চাপের মধ্যেই রয়েছে পদ্ম শিবির।

এই পরিস্থিতিতে প্রার্থী নির্বাচনেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে চাইছে দল। জানা গিয়েছে, বর্তমানে যাঁরা বিজেপির বিধায়ক রয়েছেন, তাঁদের অধিকাংশকেই আবার টিকিট দেওয়া হতে পারে। পাশাপাশি যাঁরা দক্ষ সংগঠক হিসেবে পরিচিত, তাঁদেরও প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। এদিকে দিলীপ ঘোষ আদৌ টিকিট পান কি না, পেলেও কোন কেন্দ্র থেকে পান—সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি বারবার তরুণ প্রজন্মকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সেই সূত্রেই তরুণ নেতৃত্বের কয়েকজনকে এবার প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর। তবে শুধুমাত্র বিনোদন জগতের জনপ্রিয়তাকে ভর করে ভোট জেতার কৌশল এবার নিতে চাইছে না বিজেপি। তাই দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত নন এমন কোনও তারকাকে প্রার্থী করার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত ছবি স্পষ্ট হবে প্রার্থী তালিকা প্রকাশের পরই।

Related Articles