যোগীরাজ্যের পথে নীতীশ সরকার! এবার প্রকাশ্যে মাংস বিক্রিতে জারি হল কড়া নিষেধাজ্ঞা
এখন থেকে বিহারের কোথাও নিয়ম বহির্ভূতভাবে প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না
Truth of Bengal: উত্তরপ্রদেশের পথ অনুসরণ করে এবার বিহারেও খোলা জায়গায় মাংস বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করল নীতীশ কুমার সরকার। মঙ্গলবার রাজ্যের নগর উন্নয়ন ও আবাস বিভাগ এই সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা আগেই বিধানসভায় এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন থেকে বিহারের কোথাও নিয়ম বহির্ভূতভাবে প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না।
নতুন নির্দেশিকা অনুযায়ী, বিহারের প্রতিটি মাংস বিক্রেতাকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। লাইসেন্স ছাড়া ব্যবসা করলে সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি স্পষ্ট জানানো হয়েছে যে, রাস্তার ধারে বা খোলা জায়গায় ঝুলিয়ে মাংস বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। মাংস কাটার দৃশ্য যাতে সাধারণ মানুষের চোখে না পড়ে, তার জন্য দোকানে কালো কাঁচ বা পর্দার ব্যবহার বাধ্যতামূলক করেছে প্রশাসন।
ধর্মীয় স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে মাংসের দোকান খোলার ক্ষেত্রেও কড়া বিধি নিষেধ আরোপ করা হয়েছে। স্কুল বা মন্দিরের কাছাকাছি এলাকায় কোনো দোকান থাকলে তা অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যত্রতত্র মাংসের বর্জ্য ফেলা যাবে না। দোকানদারদের নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা করতে হবে যাতে পুরসভার কর্মীরা তা সহজে সংগ্রহ করতে পারেন। স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং জনমানসের অনুভূতির কথা মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই সরকারি নিয়ম লঙ্ঘন করলে কড়া শাস্তির বিধান রাখা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, নিয়ম না মানলে দোকানদারদের ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। বিহার সরকারের এই নতুন পদক্ষেপের ফলে রাজ্যের মাংস ব্যবসায়ীদের এখন থেকে অনেক বেশি সতর্ক হয়ে এবং নির্দিষ্ট বিধিনিষেধ মেনেই ব্যবসা পরিচালনা করতে হবে।






