গুলির লড়াইতে উত্তপ্ত মণিপুর, জিরিবামে গুলিকাণ্ডে নিহত অন্তত ৫
At least 5 killed in gunfight in Jiribam, Manipur

Truth of Bengal: জঙ্গিদমন অভিযান শুরুর পর আবারও হিংসাদীর্ণ হয়ে উঠল মণিপুর। শুরু হয় দুই গোষ্ঠীর গুলির লড়াই জিরিবামে। একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেও অভিযোগ অস্বীকার করে দুই গোষ্ঠীই। সেই ঘটনাতেই নিহত অন্তত পাঁচ জন। কখনও ড্রোন, কখনও ক্ষেপনাস্ত্র হামলা। বিগত এক সপ্তাহ ধরে মণিপুরের ছবিটা এমনই। জঙ্গিদের জোড়া নাশকতা নিরাপত্তা বাহিনীর ঘুম কেড়েছে।
এবার শুরু হয় মণিপুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জঙ্গি ডেরার খোঁজ। শনিবার থেকে তাদের এই খোঁজে জঙ্গিদের তিনটি ডেরা ধক্বংস করতে সক্ষম হয়েছে তারা। সেই জঙ্গিদের খুঁজে তাদের কার্যকলাপ দমন করার এই অভিযানের মাঝেই গুলির লড়াই জিরিবাম জেলায়। দুই গোষ্ঠীর অন্তত পাঁচ জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর আগে সেপ্টেম্বরে পশ্চিম ইম্ফল ও সকাংপোকপিতে বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় ২ জন নিহত হয়েছিলেন।
সাত জনের আহত হওয়ার খবর মিলেছিল। মেইতেই জনগোষ্ঠীর এলাকায় হামলা হয়েছিল দুবারই। শুক্রবার বিকেলে বিষ্ণুপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ক্ষেপনাস্ত্র আঁছড়ে পড়ার ঘটনা ঘটে। যার জেরে স্থানীয় এক পুরোহিতের মৃত্যু হয়। জখম হন বেশ কয়েকজন। ক্ষেপনাস্ত্র যে জায়গায় নিক্ষেপ করা হয়েছিল সেখানেই প্রস্তুতি চলছিল ধর্মীয় অনুষ্ঠানের। কুকিদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে মেইতেইরা।
পুলিশ সূত্রে খবর, উন্নত প্রযুক্তির এই ক্ষেপনাস্ত্র স্থানীয়ভাবে তৈরি হলেও, ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত হানতে সক্ষম। তবে পাল্টা একটি ভিডিও সামনে এনে কুকিদের দাবি, মেইতেই তরফ থেকে এই ঘটনা ঘটানো হয়। ক্ষেপনাস্ত্র লক্ষভ্রষ্ট হয়ে তাদের নিজেদের এলাকাতেই আছড়ে পড়ে। ঘটে চলা একের পর এক এই ঘটনার জেরেই আরও উত্তপ্ত হয়ে উঠছে মণিপুর।






