বিনোদন

কুরুচিকর গানই হল কাল! বাদশার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাদশার হরিয়ানভি মিউজিক ভিডিও ‘টটীরী’।

Truth Of Bengal: জনপ্রিয় গায়ক বাদশার বিরুদ্ধে অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান তৈরির অভিযোগ উঠেছে। নারীশরীর নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা ব্যবহার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে হরিয়ানার পঞ্চকুলা থানায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৬, ৩ এবং ৪-এর অধীনে এই মামলা রুজু হয়েছে। আগামী ১৩ মার্চ সকাল ১১টায় পানিপথের ডেপুটি কমিশনার (ডিসি) অফিসে শুনানির জন্য তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর মধ্যেই হরিয়ানা পুলিশ তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করেছে।

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাদশার হরিয়ানভি মিউজিক ভিডিও ‘টটীরী’। অভিযোগ উঠেছে, ওই গানে স্কুলের পোশাক পরা কয়েকজন মেয়েকে দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, তারা কাঁধ থেকে ব্যাগ নামিয়ে গানের তালে নাচতে শুরু করছে। অভিযোগকারীদের দাবি, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা দিতে পারে এবং কিশোরীদের নিয়ে অনুপযুক্ত ইঙ্গিত তৈরি করে। পাশাপাশি গানের কথাতেও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে।

শুক্রবার পঞ্চকুলার সেক্টর ২০-এর সাইবার ক্রাইম থানায় অভয় চৌধুরী নামে এক ব্যক্তি প্রথম এই অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, হরিয়ানা মহিলা কমিশনও গানটির ভাষা ও ভিডিও প্রকাশ নিয়ে আপত্তি জানিয়ে বাদশার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাদের মতে, এই গান ভারতীয় সংস্কৃতি, রীতিনীতি এবং সামাজিক শালীনতার পরিপন্থী।

এদিকে হরিয়ানা পুলিশ তাদের সামাজিক মাধ্যমের পাতায় বাদশাকে সরাসরি সতর্কবার্তা দিয়েছে। সেখানে জানানো হয়েছে, অশ্লীল ও আপত্তিকর গান তৈরির অভিযোগে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে এবং প্রয়োজনে যে কোনও সময় তাঁকে গ্রেফতার করা হতে পারে।

পাশাপাশি বিতর্কের জেরে বাদশার ‘টটীরী’ গানটি বিভিন্ন সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম থেকেও ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।