“এখনই বিচার করবেন না, সময় দিন!” ” রাজনীতির পিচে কোয়েলকে আগলে রেখে বড় পরামর্শ সুপারস্টার দেবের
দেব স্পষ্ট জানালেন, রাজনীতিতে কোয়েলের মতো ‘ভালো মানুষের’ বড্ড প্রয়োজন
Truth of Bengal: টলিউডের রুপোলি পর্দা থেকে সংসদের উচ্চকক্ষ— কোয়েল মল্লিকের এই নতুন ইনিংস ঘিরে যখন রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে, ঠিক তখনই প্রিয় বন্ধুর ঢাল হয়ে দাঁড়ালেন টলিপাড়ার ‘সুপারস্টার’ সাংসদ দেব। সোমবার বিধানসভা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার শংসাপত্র হাতে পেয়েছেন কোয়েল। আর তারপরই নিন্দুকদের সমালোচনার জবাব দিয়ে দেব স্পষ্ট জানালেন, রাজনীতিতে কোয়েলের মতো ‘ভালো মানুষের’ বড্ড প্রয়োজন।
সাংসদ হিসেবে ইতিমধ্যেই হ্যাটট্রিক করা দেব বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। বন্ধু কোয়েলের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “কোয়েল আমার অত্যন্ত কাছের বন্ধু। যেদিন ওর নাম ঘোষণা হয়েছে, সেদিনই আমাদের কথা হয়েছে। আমি যখন ‘রংবাজ’ ছবির শুটিং করছিলাম, তখন সাংসদ হয়েছিলাম। কোয়েল মানুষ হিসেবে ভীষণ ভালো। আর আমার মনে হয়, ভালো মানুষদেরই রাজনীতিতে আসা উচিত, কারণ তারাই সাধারণ মানুষের সমস্যাগুলো ভালো বুঝতে পারে।”
রাজনীতির আঙিনায় পা রাখতেই কোয়েলকে নিয়ে যে কাটাছেঁড়া শুরু হয়েছে, তারও পরিপক্ব উত্তর দিয়েছেন দেব। সহ-অভিনেত্রী তথা রাজনৈতিক সতীর্থকে আগলে রেখে দেবের পরামর্শ: “নিজেকে ভালো রাজনীতিক হিসেবে প্রমাণ করা সহজ কাজ নয়। নতুন এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কোয়েলকে কিছুটা সময় দেওয়া হোক। এখনই বিচার না করে অন্তত চার-পাঁচ বছর পর দেখা হোক ও রাজনীতিক হিসেবে কেমন কাজ করল।”
একসময় ‘পাগলু’, ‘মন মানে না’ বা ‘হিরোগিরি’-র মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে দর্শকদের ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছিল দেব-কোয়েল জুটি। উত্তম-সুচিত্রা বা প্রসেনজিৎ-ঋতুপর্ণা পরবর্তী যুগে এই জুটির রসায়ন ছিল টলিউডের তুরুপের তাস। পর্দার সেই বন্ধুত্ব যে অফস্ক্রিনেও কতটা মজবুত, দেবের এই মন্তব্য তারই প্রমাণ দিল। উত্তরবঙ্গে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-র শুটিং সেরে ফিরে ‘প্রজাপতি ২’-এর সাফল্যের আবহেই বন্ধুর নতুন যাত্রায় পাশে দাঁড়ালেন দেব।





