ভোটের মুখে বিচ্ছেদের মামলা হিরণের স্ত্রীর, কী জানালেন অনিন্দিতা?
সে প্রসঙ্গে মুখ খুলেছেন অনিন্দিতা চট্টোপাধ্যায়
Truth of Bengal: নির্বাচনী আবহে এবার ব্যক্তিগত জীবন ও আইনি জটিলতা নিয়ে টানাপোড়েনের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়। বর্তমানে হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তিনি জোরকদমে প্রচার চালালেও, নেপথ্যে তাঁর বিবাহবিচ্ছেদ ও দ্বিতীয় বিবাহের জল্পনা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে শোরগোল শুরু হয়েছে। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দূরত্ব এবং ঋতিকা গিরির সঙ্গে অভিনেতার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত।
সম্প্রতি হিরণের বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে যে খবর রটেছিল, সে প্রসঙ্গে মুখ খুলেছেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, বিবাহবিচ্ছেদের ফাইল করার বিষয়টি আপাতত সঠিক নয়। তবে পুরো বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার অধীনে থাকায় তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। অনিন্দিতার মতে, যেহেতু তাঁরা এখনো আইনত বিচ্ছিন্ন নন, তাই মনোনয়ন পত্রে স্ত্রীর জায়গায় তাঁর নামই থাকার কথা। এমনকি হিরণের পক্ষ থেকে তাঁর আয়কর রিটার্নের নথিও চাওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।
হিরণের রাজনৈতিক কেরিয়ারেও এই ব্যক্তিগত বিতর্কের ছায়া দেখা গিয়েছিল। প্রথম দফার প্রার্থীতালিকায় খড়্গপুর সদরের বিদায়ী বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁর নাম ছিল না, যা অনেককেই অবাক করেছিল। ওই আসনে দলের পক্ষ থেকে দিলীপ ঘোষের নাম ঘোষণা করা হয়। অনেকেরই ধারণা ছিল, দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসা এবং স্ত্রীর সঙ্গে আইনি লড়াইয়ের কারণেই হয়তো তাঁকে টিকিট দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত শ্যামপুর কেন্দ্র থেকে তাঁকে লড়াইয়ের ময়দানে নামিয়েছে বিজেপি।
উল্লেখ্য, হিরণের বিরুদ্ধে ইতিপূর্বেই আনন্দপুর থানায় মামলা দায়ের করেছেন তাঁর প্রথম স্ত্রী। পুলিশি সূত্রে জানা গিয়েছে, অভিনেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ ধারা (স্বামী বা স্ত্রী বর্তমান থাকাকালীন পুনরায় বিবাহ) এবং ৪৯৮এ ধারায় (গার্হস্থ্য হিংসা ও নির্যাতন) অভিযোগ আনা হয়েছে। এই ধারাগুলোতে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। ভোটের উত্তাপের মাঝেই এখন হিরণের এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।






