বিনোদন

“গ্যাস সিলিন্ডার নিয়ে চলে আসুন”, ট্রাম্পকে কেন এমন আজব শর্ত দিলেন অভিনেতা বোমান ইরানি?

এই কূটনৈতিক বার্তাকেই রসিকতার মোড়কে পেশ করে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা, যা ইতিমধ্য়েই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Truth of Bengal: পশ্চিম এশিয়ার চলমান রাজনৈতিক উত্তেজনা এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে নেটদুনিয়ায় হাসির রোল তুললেন বলিউড অভিনেতা বোমান ইরানি। ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি ইরানিদের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্টের এই কূটনৈতিক বার্তাকেই রসিকতার মোড়কে পেশ করে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা, যা ইতিমধ্য়েই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে বোমান ইরানি অত্যন্ত মজার ছলে দাবি করেন, ইরানি বলতে তিনি প্রধানত তিনজনকে চেনেন—তিনি নিজে, বিজেপি নেত্রী স্মৃতি ইরানি এবং বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানি। ট্রাম্পের মন্তব্যের সূত্র ধরে তিনি রসিকতা করে বলেন, সম্ভবত এই তিনজনের সঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট শান্তি আলোচনায় বসতে চাইছেন। বিশ্বশান্তির স্বার্থে তিনি এই আলোচনায় যোগ দিতে প্রস্তুত বলেও জানান বোমান।

তবে আলোচনার জন্য ওয়াশিংটন যাওয়ার প্রস্তাব খারিজ করে দিয়ে অভিনেতা পাল্টা এক অদ্ভুত নিমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিনিধিদের উচিত মুম্বইয়ের দাদারে অবস্থিত পার্সি কলোনিতে আসা। সেখানে তাঁদের আপ্যায়নের জন্য ধানসাক এবং কাস্টার্ডের মতো জিভে জল আনা পারসি খাবারের ব্যবস্থা রাখা হবে। তবে এই নিমন্ত্রণের সঙ্গেই ট্রাম্পকে কটাক্ষ করে তিনি একটি শর্ত জুড়ে দেন। অভিনেতা কৌতুকের সুরে জানান, ট্রাম্প যদি সঙ্গে করে একটি বড় গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন, তবে রান্নাবান্না ও সব আয়োজন আরও সহজ হবে। এই মন্তব্যের মাধ্যমেই তিনি মূলত মার্কিন রাজনীতি ও বর্তমান জ্বালানি সংকটকে পরোক্ষভাবে ব্যঙ্গ করেছেন।

বোমান ইরানির এই অভাবনীয় রসবোধের প্রশংসা করেছেন নেটিজেন থেকে শুরু করে বলিউডের অন্যান্য তারকারাও। অনেক অভিনেতা তাঁর এই ভিডিওর নিচে মন্তব্য করে বিষয়টিকে এপিক বলে অভিহিত করেছেন। রাজনৈতিক জটিলতাকে এমন হালকা মেজাজে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য প্রশংসিত হচ্ছেন এই অভিনেতা।

Related Articles