ব্যবসা

বিধ্বস্ত শেয়ার বাজার, যুদ্ধের অনিশ্চয়তায় মাথায় হাত বিনিয়োগকারীদের

নিফটিও ৫০ পয়েন্ট খুইয়ে ৩৫০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে

Truth Of Bengal: পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে শুক্রবার ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধস নামল। সপ্তাহের শেষ কাজের দিনে লেনদেন শুরু হতেই রক্তক্ষরণ শুরু হয় দালাল স্ট্রিটে। বেলা ১১টার খবর অনুযায়ী, বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১,১৫০ পয়েন্ট পড়ে ৭৪,১০০ পয়েন্টে নেমে এসেছে। পাল্লা দিয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও ৫০ পয়েন্ট খুইয়ে ৩৫০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনাগুলিতে হামলা স্থগিত রাখার ঘোষণা করলেও যুদ্ধ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এই ধোঁয়াশার কারণেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং তাঁরা শেয়ার বিক্রির হিড়িক তুলেছেন। বিশ্ববাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়ে যাওয়ায় ভারতীয় অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব স্পষ্ট হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ থাকায় দেশে গ্যাসের জোগানে টান পড়ার আশঙ্কা বাজারকে আরও অস্থির করে তুলেছে।

যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবারই কেন্দ্র সরকার পেট্রল ও ডিজেলের উপর আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা করে কমানোর ঘোষণা করেছে। পাশাপাশি, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত ‘অপারেশন উর্জা সুরক্ষা’র অধীনে হরমুজ প্রণালীতে পাঁচটি রণতরী পাঠিয়েছে। ইরান সরকার বন্ধু দেশ ভারতকে আশ্বস্ত করে জানিয়েছে যে তাদের জন্য তেলের সরবরাহ খোলা থাকবে, তবে মধ্যপ্রাচ্যের সামগ্রিক অশান্তি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে বড়সড় ধাক্কা দিয়েছে।

এখন দেখার, পাকিস্তানের মাটিতে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি আলোচনা কতদূর সফল হয় এবং পশ্চিম এশিয়ার এই অস্থিরতা কাটিয়ে কবে নাগাদ ভারতীয় শেয়ার বাজার আবার স্থিতিশীল হতে পারে।

Related Articles