ছত্তিসগড়ে বিরাট ‘অপারেশন’, মোট ২৯ মাওবাদীকে নিকেশ
Big 'operation' in Chhattisgarh, total 29 Maoists killed

The Truth Of Bengal : ছত্তিসগড়ে নিরাপত্তারক্ষীদের হাতে মোট ২৯ মাওবাদী খতম হয়েছে। লোকসভা নির্বাচনের মুখে বড় সাফল্য পেল প্রশাসন। মঙ্গলবার এই অভিযান চলে ছত্তিসগড়ের কাঁকর জেলায়। এই জায়গাটি মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত। চারিদিক থেকে ঘিরে ধরে দীর্ঘ সময় অভিযান চলেছে বলে জানা গিয়েছে। টানা ৫ ঘণ্টা এনকাউন্টারে ২৯ জন মাওবাদীকে খতম করার পাশাপাশি একে-৪৭, ইনসাস রাইফেল-সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরের মাও-দমনে যৌথ অভিযান চালায় বিএসএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স। ছত্তিশগড়ের কাঁকর জেলার জঙ্গলে চলে এই অভিযান। প্রথমে ১৮ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছিল। পরে অপারেশন শেষ হলে দেখা যায় মোট ২৯ মাওবাদীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। এই কাঁকর জেলাতেই প্রায় ৬০ হাজার জওয়ান মোতায়েন আছেন মাও-দমনের জন্য। প্রায় অভিযান চলে এখানে। তবে সাম্প্রতিক কালে এত বড় অপারেশন চালানো হয়নি। এত বড় সাফল্যও আসেনি।
এই অভিযানে মৃত ১৮ জন মাওবাদীর মধ্যে শীর্ষ মাও নেতা শংকর রাও-ও রয়েছেন। এই শংকর কাঁকর জেলার শীর্ষ মাও কম্যান্ডার ছিলেন। অনেক আগেই তাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল ২৫ লক্ষ টাকা। নিরাপত্তারক্ষীদের গুলিতে শংকর ছাড়াও মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষ নেতা খতম হয়েছে বলে জানা যাচ্ছে।






