বিলগেটস পর এবার ইলন মাস্কের বৈঠক প্রধানমন্ত্রীর সাথে! তবে কী টেসলার পথ চলা শুরু ভারতের
Elon Musk's meeting with the Prime Minister Modi

The Truth of Bengal: দেশের বুকে এবার পা রাখতে চলেছেন ইলন মাস্ক। জানা যাচ্ছে, এপ্রিলের শেষের দিকে ভারতে আগমন হতে পারে তার। অপরদিকে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে তার। এদিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন- “নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছি “। তবে, হঠাৎ ভারতে কেন আসছেন ইলন মাস্ক, সেই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনাও।
Looking forward to meeting with Prime Minister @NarendraModi in India!
— Elon Musk (@elonmusk) April 10, 2024
ভারতের মাটিতে বিনিয়োগের লক্ষ্যেই কী তার আগমন ? সেই সম্ভাবনাই প্রবল হচ্ছে। অপরদিকে, চলতি বছরে নতুন বৈদ্যুতিক গাড়ির নীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক। সেই নীতিতে বলা হয়েছে, কোনও সংস্থা বিদেশ থেকে বৈদ্যুতিক গাড়ি আমদানি করলে শুল্কে আপাতত ছাড় পাবে। তবে তিন বছরের মধ্যে এ দেশে ন্যূনতম ৫০ কোটি ডলার লগ্নিতে কারখানা গড়া-সহ একগুচ্ছ শর্ত মানতে হবে।
পাশাপাশি, ভারতের মাটিতে টেসলার পথ চলা কীভাবে শুরু হবে সেই নিয়ে টানাপোড়েনও চলছে বহুদিন ধরে। টেসলার কর্ণধার জানিয়েছিলেন, আমদানিতে শুল্ক যে কোনও বড় দেশের তুলনায় সবচেয়ে বেশি ভারতেই। তবে, মোদি-মাস্কের বৈঠকের হাত ধরেই কী কাটতে পারে সেই জট ? উঠছে প্রশ্ন। সব মিলিয়ে, টেসলা যদি ভারতে বিনিয়োগ করতে চায়, তাহলে সেক্ষেত্রে ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যে নিঃসন্দেহে বিরাট প্রভাব পড়তে চলেছে, তা বলাবাহুল্য।






