দেশরাজ্যের খবর
Trending

চাঁদার উৎস আসবে প্রকাশ্যে, ইলেক্টোরাল বন্ড-কে অসাংবিধানিক বলে বাতিল করার নির্দেশ শীর্ষ আদালতের

The Supreme Court said that electoral bonds are unconstitutional.

The Truth Of Bengal: রাজনৈতিক দিলগুলির আয়ের অন্যতম উৎস ইলেক্টোরাল বন্ড। সেই ইলেক্টোরাল বন্ড অসাংবিধানিক বলে জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে বৃহস্পতিবার পাঁচ বিচারপতির সর্বসম্মতিতে বলা হয়, রাজনৈতিক দলের ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে আর্থিক সাহায্য নাগরিকের তথ্যের অধিকার লঙ্ঘন করে। এই আইন অসাংবিধানিক। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সব মহল।

শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, মোদি জমানায় চালু ইলেক্টোরাল বন্ড পদ্ধতি সংবিধানের ১৯-এর এ ধারার পরিপন্থী। এই ইলেক্টোরাল বন্ড পদ্ধতি বন্ধ হওয়া উচিত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জমানায় চালু হওয়া ইলেক্টোরাল বন্ড অসাংবিধানিক। ইলেক্টোরাল বন্ড ভোটারদের মৌলিক অধিকার খর্ব করে। রাজনৈতিক দলগুলি ভারতের নির্বাচনী প্রক্রিয়ার অংশ। তাই তাদের সম্পর্কে সবকিছু জানার অধিকার রয়েছে সাধারণ ভোটারদের। কিন্তু তা হয় না। এটা বন্ধ হওয়া উচিত। কেন্দ্রের সলিসিটর জেনারেল গোপনীয়তার অধিকারের প্রসঙ্গ তুলে ইলেক্টোরাল বন্ড বজায় রাখার পক্ষে সওয়াল করলেও তা অগ্রাহ্য করে সুপ্রিম কোর্ট।

অভিযোগ ওঠে, ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে অনুদান দেওয়ার মধ্যে রাজনৈতিক দলগুলির প্রবণতা থাকে অর্থ সাহায্যকারীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার। বারবার সেই অভিযোগ ওঠে, ইলেক্টোরাল বন্ডে সবচেটে বেশি অনুদান দেয় বিভিন্ন কর্পোরেট সংস্থা। আবার কালো টাকা সাদা করার অভিযোগও ওঠে। এদিন সুপ্রিম কোর্টের রায়ে কার্যত সেই কথার মান্যতা পেল।

সুপ্রিম কোর্ট আরও রায় দিয়েছে, ব্যাঙ্কগুলিকে ইলেক্টোরাল বন্ড ইস্যু করা এখনই বন্ধ করতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনও পর্যন্ত যা যা ইলেক্টোরাল বন্ড ইস্যু করেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন আবার সেই তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে। গোপনীয়তার জন্য ইলেক্টোরাল বন্ডের আড়ালে কোন রাজনৈতিক দলকে কোন সংস্থা কত টাকা চাঁদা দিচ্ছে তা এতদিন জানা যেত না। এবার সবটাই জানতে পারবে দেশের সাধারণ মানুষ।

Related Articles