৭২ ঘণ্টায় ৫ ডিগ্রি নামল পারদ! কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বঙ্গ
তবে শীতের এই দাপটের মধ্যেই ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Truth of Bengal: দ্রুত গতিতে নামছে তাপমাত্রার পারদ। মাত্র ৭২ ঘণ্টায় কলকাতা-সহ গোটা রাজ্যে প্রায় ৫ ডিগ্রি কমেছে রাতের তাপমাত্রা। ফলে মরশুমের প্রথম শীতের আমেজে মেতেছে বঙ্গবাসী। তবে শীতের এই দাপটের মধ্যেই ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় রাতের তাপমাত্রা নেমে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কম।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। উত্তরবঙ্গের পাহাড় ও সমতলেও অনুভূত হবে ঠান্ডা। পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসার আশঙ্কা রয়েছে।
তবে শীতের আমেজে সাময়িক ছেদ ফেলতে পারে বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘কানি’। আবহাওয়া দপ্তরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি শক্তি বাড়িয়ে ৩ ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক অনুমান, ৪ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে বাংলায় জলীয় বাষ্পের প্রবেশ বাড়তে পারে। তবে ঘূর্ণিঝড়টির অভিমুখ এবং পশ্চিমবঙ্গে তার সম্ভাব্য প্রভাব এখনও নিশ্চিত নয়।






