দেশ

এ কী কাণ্ড! KFC-র চিকেনে কিলবিল করছে পোকা

ওই দৃশ্যে খাবারের মধ্যে ম্যাগট বা পোকা জাতীয় কিছু দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। সোশাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করে ওই ব্যক্তি KFC India-কে ট্যাগ করেন

Truth of Bengal: উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা ওয়েস্টের গৌর সিটি মলের একটি KFC আউটলেট থেকে কেনা ডিপ-ফ্রায়েড চিকেনে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন এক সোশাল মিডিয়া ব্যবহারকারী। অভিযোগের সমর্থনে তিনি এক্স-এ একটি ভিডিও এবং ছবি শেয়ার করেছেন। ওই দৃশ্যে খাবারের মধ্যে ম্যাগট বা পোকা জাতীয় কিছু দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। সোশাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করে ওই ব্যক্তি KFC India-কে ট্যাগ করেন। ঘটনার পর তিনি তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন। তাঁর দাবি, ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর দুপুর প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। পোস্টে ওই ব্যবহারকারী লেখেন, গৌর সিটি মলের KFC আউটলেট থেকে কেনা ডিপ-ফ্রায়েড চিকেনে পোকা দেখে তিনি ‘হতবাক এবং বিরক্ত’। একই সঙ্গে KFC-র খাদ্য নিরাপত্তা ও গুণমান পরীক্ষার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, এমন ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। খাবার পরিবেশনের আগে আদৌ কোনও মান যাচাই করা হয়েছিল কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট খাবারে সত্যিই পোকা ছিল কি না, কিংবা সেটি কী ধরনের জীব ছিল, সে বিষয়ে স্বাধীনভাবে কোনও যাচাই করা হয়নি। KFC India বা সংশ্লিষ্ট আউটলেটের তরফে এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়। এই অভিযোগ এমন এক সময়ে সামনে এল, যখন উৎসবের মরসুমের আগে দেশের বিভিন্ন রাজ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। দিল্লি-সহ একাধিক জায়গায় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ইতিমধ্যেই পরিদর্শন ও নজরদারি জোরদার করেছে।

উৎসবের সময় দুধ, দুগ্ধজাত পণ্য, মিষ্টি এবং অন্যান্য খাদ্যপণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ে। সেই কারণেই বাজারে নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার বিক্রি রুখতে বিভিন্ন রাজ্যের খাদ্য নিরাপত্তা বিভাগগুলি আগাম অভিযান ও নমুনা পরীক্ষার উপর জোর দিচ্ছে।