৯ সেপ্টেম্বরের পর বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের
লেহ অ্যাপেক্স বডির তরফে ওয়াংচুকের দাবি, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনতে হবে।
Truth of Bengal: লাদাখের দাবিদাওয়া নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্র সুনির্দিষ্ট পদক্ষেপ না করলে আগামী ৯ সেপ্টেম্বরের আলোচনার পর আন্দোলন আরও তীব্র করা হবে বলে জানিয়েছেন তিনি।
লেহ অ্যাপেক্স বডির তরফে ওয়াংচুকের দাবি, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনতে হবে। এই দাবিগুলি নিয়েই দীর্ঘদিন ধরে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স।
আগামী ৯ সেপ্টেম্বর লাদাখের বিভিন্ন দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ওয়াংচুক জানিয়েছেন, আলোচনায় ইতিবাচক পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। ইতিমধ্যেই ১০ সেপ্টেম্বর থেকে পদযাত্রার কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি। দেশবাসীর কাছে লাদাখের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন ওয়াংচুক।
২০১৯ সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই পূর্ণ রাজ্যের মর্যাদা এবং অধিক স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চলছে। এই ইস্যুতেই ফের কেন্দ্রের উপর চাপ বাড়ানোর বার্তা দিলেন সোনম ওয়াংচুক।






