দক্ষিণে কমবে বৃষ্টি, উত্তরে বাড়বে দাপট! নতুন পূর্বাভাস হাওয়া অফিসের
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে বায়ুমণ্ডলের উপরের স্তরে একটি নিম্নচাপ রয়েছে।
Truth of Bengal: দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির দাপট কিছুটা কমলেও রাজ্যজুড়ে বৃষ্টির রেশ বজায় থাকবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় ভাদ্রের অস্বস্তিকর গরম তুলনামূলক কম অনুভূত হচ্ছে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে বায়ুমণ্ডলের উপরের স্তরে একটি নিম্নচাপ রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ির কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতায় গত কয়েক দিনের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী তিন থেকে চার দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের জন্যও আগামী ২৪ ঘণ্টায় কোনও বিশেষ সতর্কতা নেই।






