অবশেষে কাটল আইনি জটিলতা, পুজোর আগেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ
বুধবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন
Truth of Bengal: দীর্ঘ আইনি জটিলতা এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। পুজোর আগেই শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হতে চলেছে। আগামী ২১ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৩০ জুলাই পর্যন্ত। বুধবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার থেকেই প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাউন্সেলিংয়ের জন্য নিজেদের কল লেটার ডাউনলোড করতে পারবেন। কার কোন তারিখে কাউন্সেলিং পড়েছে, তা ওই লেটারেই উল্লেখ থাকবে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৬ আগস্ট এই পরীক্ষার প্রথম টেট নেওয়া হয়েছিল। দীর্ঘ টালবাহানা পেরিয়ে ২০২৪ সালের ২৮ আগস্ট ১৪,০৫২ জন প্রার্থীর নিয়োগের চূড়ান্ত নির্দেশ দেয় আদালত। ওই বছরই ২৬ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ করে ৩ অক্টোবর থেকে কাউন্সেলিং শুরু হয়েছিল। সেবার ১২,৭২৩ জনের কাউন্সেলিং ও সুপারিশ পর্ব নির্বিঘ্নে মিটলেও বাকি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে যায়।
পরবর্তীতে ডিভিশন বেঞ্চে চলা একটি আদালত অবমাননা মামলায় মেধাতালিকাভুক্ত বাকি ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে গত ২১ মে শিক্ষা দফতর আদালতে ১,১৭৭টি শূন্যপদের খতিয়ান পেশ করে। এর ওপর ভিত্তি করেই ফের নতুন করে প্রক্রিয়া শুরু করল কমিশন। সব ঠিকঠাক থাকলে দুর্গোৎসবের আগেই যে যোগ্য প্রার্থীরা স্কুলে যোগ দিতে পারবেন, তা নিয়ে আশাবাদী ওয়াকিবহাল মহল।






