কলকাতা

‘উৎসব মানুষের হাতে থাকুক, রাজনীতির দখলে নয়!’, কলেজ স্কোয়ারের পুজোর চেয়ারম্যান হচ্ছেন না শমীক

অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং নীতিগত অবস্থান জানিয়ে তিনি জানিয়ে দিলেন, কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর চেয়ারম্যান তিনি হচ্ছেন না

শুভময় মণ্ডল: সুরুচি সংঘের পর উত্তর কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির নেতৃত্বেও বড়সড় রদবদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। জল্পনা ছড়িয়েছিল, কলেজ স্কোয়ারের নতুন চেয়ারম্যান পদে বসতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। কিন্তু সেই সমস্ত জল্পনায় এক ঝটকায় জল ঢেলে দিলেন স্বয়ং শমীকবাবু। অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং নীতিগত অবস্থান জানিয়ে তিনি জানিয়ে দিলেন, কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি তিনি হচ্ছেন না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজোর সভাপতি বা পরিচালনার দায়িত্ব তিনি নেবেন না।

বিজেপির রাজ্য সভাপতির এই আকস্মিক ও বড় ঘোষণা বাংলার পুজো রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিগত কয়েক বছর ধরে কলকাতার বড় বড় পুজো কমিটিগুলোর মাথায় রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের একচ্ছত্র দাপট দেখা গিয়েছে। কিন্তু সেই ধারা থেকে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এক ব্যতিক্রমী নজির গড়লেন শমীক ভট্টাচার্য।

“দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়”

নেতাদের পুজো পরিচালনার দায়িত্ব নেওয়া প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে শমীকবাবু বলেন, “একজন বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনও পুজো কমিটির সভাপতি হতে পারেন, সেটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয় যে, রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন।” তিনি দৃঢ়ভাবে মনে করেন, দুর্গাপুজো হলো সর্বজনীন, এটি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি হতে পারে না।

পুজোর স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বার্তা

কেন তিনি এই বড় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে শমীক ভট্টাচার্য জানান, পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক, এই বিশ্বাস থেকেই তিনি এই কড়া সিদ্ধান্ত নিয়েছেন। উৎসবের আনন্দ পুরোপুরি সাধারণ মানুষের হাতেই থাকা উচিত, কোনোভাবেই রাজনীতির দখলে যাওয়া উচিত নয়।

উল্লেখ্য, ইতিপূর্বে সুরুচি সংঘের পুজো কমিটির সম্পাদক পদে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের নাম আসার পর মনে করা হচ্ছিল, কলকাতার মেগা পুজোগুলোর রাশ এবার পুরোপুরি গেরুয়া শিবিরের হাতে চলে যাচ্ছে। কিন্তু কলেজ স্কোয়ারের অফার ফিরিয়ে শমীক ভট্টাচার্য বুঝিয়ে দিলেন, উৎসবকে রাজনীতির ঊর্ধ্বে রাখাই তাঁর ও তাঁর দলের মূল আদর্শ। তাঁর এই মন্তব্য এই মুহূর্তে বাংলার রাজনৈতিক অলিন্দে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Related Articles