বিনোদন

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুম উড়েছে! ফিফা ২০২৬ নিয়ে কী লিখলেন অমিতাভ বচ্চন?

বিতর্কিত সিদ্ধান্ত থেকে শুরু করে নতুন প্রতিভার উত্থান— একাধিক বিষয় উঠে এসেছে তাঁর লেখায়।

Truth of Bengal: ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ পর্বে পৌঁছতেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। বিশ্বকাপ নিয়ে নিজের ব্যক্তিগত ব্লগে একটি দীর্ঘ পোস্ট লিখে চলতি প্রতিযোগিতার নানা দিক নিয়ে মত প্রকাশ করেছেন তিনি। বিতর্কিত সিদ্ধান্ত থেকে শুরু করে নতুন প্রতিভার উত্থান— একাধিক বিষয় উঠে এসেছে তাঁর লেখায়।

হালকা মেজাজে লেখা শুরু করে অমিতাভ জানান, বিশ্বকাপের ম্যাচগুলির সময়সূচি তাঁর দৈনন্দিন জীবনযাত্রার ছন্দই বদলে দিয়েছে। গভীর রাতে খেলা দেখার কারণে রুটিন এলোমেলো হয়ে গেলেও ফুটবলের প্রতি তাঁর উন্মাদনা এতটুকু কমেনি। তবে বিশ্বকাপে কিছু বিতর্কিত ও একপেশে সিদ্ধান্ত তাঁকে হতাশ করেছে বলেও জানান অভিনেতা। তাঁর কথায়, কিছু ম্যাচে এমন সিদ্ধান্ত দেখা গেছে, যা এক দলের পক্ষে গেলেও অন্য দলের ক্ষেত্রে হয়নি। এই পরিস্থিতিকে তিনি “অদ্ভুত” বলে উল্লেখ করেন। যদিও তাঁর মতে, এসবের মধ্যেও খেলা এগিয়ে চলে এবং সেটাই খেলাধুলার সৌন্দর্য। অমিতাভ আরও লেখেন, এবারের বিশ্বকাপে বহু শক্তিশালী ও ঐতিহ্যবাহী ফুটবল দেশ অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছে। অন্যদিকে, যেসব দেশকে কেউ সেভাবে সম্ভাব্য দাবিদার বলে ভাবেননি, তারা দুর্দান্ত লড়াই করে সেমিফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছে। এই অপ্রত্যাশিত ফলই বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে মত তাঁর।

ভারতীয় ক্রিকেটের আইপিএলের উদাহরণ টেনে অমিতাভ বলেন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী থাকা খেলোয়াড়েরা জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই একসঙ্গে দেশের জন্য লড়াই করেন। এই মানসিকতা ও চরিত্রই একজন প্রকৃত ক্রীড়াবিদের পরিচয়। তরুণ ফুটবলারদের উত্থান নিয়েও প্রশংসা করেছেন তিনি। মাত্র ১৭-১৮ বছর বয়সেই বহু ফুটবলার গোটা দেশের প্রতিনিধিত্ব করছেন, যা আগামী দিনের ফুটবলের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন অমিতাভ। ব্লগের শেষাংশে সময়ের পরিবর্তন নিয়ে দার্শনিক ভাবনায় মেতে ওঠেন অভিনেতা। তাঁর মতে, সময়ের সঙ্গে পৃথিবী বদলায়, নতুন নতুন পরিবর্তন আসে। তরুণ প্রজন্ম সেই পরিবর্তনের সুফল ভোগ করে, আর প্রবীণরা বিস্ময়ের সঙ্গে তা দেখেন। ভবিষ্যতের আরও পরিবর্তন হয়তো তাঁরা দেখে যেতে পারবেন না, কিন্তু আগামী প্রজন্ম তা দেখবে— এই ভাবনাই তাঁকে তৃপ্তি দেয়। উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ চার পর্বে। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ের আগে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

 

Related Articles