কলকাতা

বিনিয়োগ টানতে নবান্নে বিশেষ মন্ত্রীগোষ্ঠীর বৈঠক

এই কমিটিই আগামী দিনে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক বৈঠক করে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানাবে।

Truth of Bengal: রাজ্যে শিল্পায়ন ও নতুন বিনিয়োগ আকর্ষণে তৎপর হল রাজ্য সরকার। এই লক্ষ্যেই সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে শিল্প সংক্রান্ত একাধিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে খবর, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গঠিত ৬ সদস্যের মন্ত্রীগোষ্ঠীকে শিল্পে বিনিয়োগ বৃদ্ধির দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিই আগামী দিনে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক বৈঠক করে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানাবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে রাজ্যের ল্যান্ড ব্যাংক নিয়ে একটি বিস্তারিত ব্লু-প্রিন্ট তৈরির সিদ্ধান্ত হয়েছে। শিল্প স্থাপনের জন্য উপলব্ধ জমির তথ্য সুসংগঠিতভাবে শিল্প সংস্থাগুলির সামনে তুলে ধরা হবে, যাতে বিনিয়োগকারীরা দ্রুত প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

এছাড়াও পশ্চিমবঙ্গের শিল্পনীতি, কর-ছাড় এবং বিনিয়োগবান্ধব বিভিন্ন সুবিধা নিয়ে শিল্পপতিদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন শিল্প স্থাপনে কী ধরনের ইনসেনটিভ দেওয়া যেতে পারে, সেই বিষয়েও বৈঠকে পর্যালোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

চলতি রাজ্য বাজেটে শিল্পোন্নয়ন সংক্রান্ত যে সব প্রকল্প ও পরিকল্পনার ঘোষণা করা হয়েছে, সেগুলির দ্রুত এবং কার্যকর বাস্তবায়নের রূপরেখাও এদিনের বৈঠকে খতিয়ে দেখা হয়েছে। বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়িয়ে বিনিয়োগকারীদের জন্য সহজ ও দ্রুত পরিষেবা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ এবং রাজ্যের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলতে শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষণই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই আগামী দিনে শিল্পগোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক সংলাপ ও বিনিয়োগ-প্রচার কর্মসূচি আরও জোরদার করা হবে।

Related Articles