“আমি কারও বান্ধবী নই” — সব্যসাচী-কাণ্ডে মুখ খুললেন টিনা ভৌমিক সাহা
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে টিনা স্পষ্ট বলেন, তিনি কারও বান্ধবী নন
Truth of Bengal: সব্যসাচী দত্তের ‘বান্ধবী’ তকমা নিয়ে এবার মুখ খুললেন নদিয়া তৃণমূলের নেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা। তোলাবাজির অভিযোগে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর নাম জড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে টিনা স্পষ্ট বলেন, তিনি কারও বান্ধবী নন। টিনার বক্তব্য, রাজনীতিতে কোনও মহিলা কোনও নির্দিষ্ট মতাদর্শ অনুসরণ করলেই তাঁকে কোনও নেতার বান্ধবী বলে দাগিয়ে দেওয়া যায় না। তাঁর অভিযোগ, এই ধরনের প্রচার একজন মহিলার সম্মানহানির সামিল।
রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সপ্তাহে তাঁকে সঙ্গে নিয়ে নদিয়ার করিমপুরে টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে যান তদন্তকারীরা। বিধাননগর থানা এবং করিমপুর থানার যৌথ অভিযানে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সূত্রে দাবি। যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছিল, টিনা সব্যসাচীর ঘনিষ্ঠ। তবে তল্লাশির সময় টিনা বাড়িতে ছিলেন না। এতদিন এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সূত্র মারফত তাঁকে ‘বান্ধবী’ বলা হচ্ছে। কিন্তু তিনি কার বান্ধবী, সেই প্রশ্ন তোলেন টিনা।
টিনার দাবি, রাজনীতিতে সকলেরই কোনও না কোনও মতাদর্শ থাকে। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করতেন। কিন্তু দলের কোনও নেতা দুর্নীতিতে যুক্ত হলে নিচুতলার কর্মীদের তাঁর ‘বান্ধবী’ বলে দেগে দেওয়া ভুল। সম্পর্কের প্রকৃতি না জেনে এমন মন্তব্য করা উচিত নয় বলেও জানান তিনি। বাড়ি থেকে সোনা উদ্ধারের বিষয়ে টিনা বলেন, তিনি তখন বাড়িতে ছিলেন না। পুলিশ কাকে সঙ্গে নিয়ে এসে কী তল্লাশি চালিয়েছে, তা আইনি বিষয়। সে বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে তাঁকে ‘বান্ধবী’ বলে আখ্যা দেওয়ার তীব্র নিন্দা করেছেন তিনি। তাঁর কথায়, তিনি একজন মহিলা এবং শিক্ষিকা। সমাজে মাথা উঁচু করে চলেন। তাই এই ধরনের প্রচার বন্ধ হওয়া প্রয়োজন।
অন্যদিকে সব্যসাচী দত্তের ফ্ল্যাট এবং ব্যাঙ্ক লকার থেকেও বিপুল সোনা উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। অভিযোগ, তোলাবাজির টাকায় সোনা কিনে রাখা হত। সব্যসাচী এবং তাঁর স্ত্রী ইন্দ্রাণী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। ওই অ্যাকাউন্টগুলিতে মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে। এই বিপুল অর্থ এবং সোনার উৎস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে টিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তদন্ত আইনের পথে চলুক, কিন্তু তাঁকে ব্যক্তিগতভাবে অসম্মানজনক তকমা দেওয়া তিনি মানবেন না।






