রাজ্যের খবর

এবার কাঠগড়ায় অভিষেকের ‘সেবাশ্রয়’! ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের নতুন মামলা

রায়নগরের বাসিন্দা সুকদেব দাসের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ

Truth of Bengal: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার নতুন মামলা দায়ের হল ডায়মন্ড হারবারে। কাঠগড়ায় তাঁর উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির। অভিযোগ, অনুমোদন ছাড়াই ওই শিবিরগুলিতে চিকিৎসাকেন্দ্র চালানো হয়েছিল। বেআইনিভাবে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি এবং এমনকি তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের অভিযোগও উঠেছে। রায়নগরের বাসিন্দা সুকদেব দাসের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইন, পিসিপিএনডিটি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনেও মামলা করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, অভিষেক ও অন্যরা অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অননুমোদিত চিকিৎসা শিবির পরিচালনা করেছেন। সেখানে বেআইনিভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে, ওষুধ ও রোগ নির্ণয়ের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এর ফলে জনস্বাস্থ্য এবং সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল বলেও অভিযোগ।ডায়মন্ড হারবারের এসডিপিও এই মামলার তদন্তভার গ্রহণ করেছেন। অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ শিবির চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হত। দূরদূরান্ত থেকে বহু মানুষ ওই শিবিরে চিকিৎসার জন্য আসতেন। এমনকি ভিন্‌রাজ্য থেকেও অনেকে পরিষেবা নিতে এসেছিলেন বলে দাবি করা হয়েছিল। সেই সময় এই প্রকল্পকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে যথেষ্ট প্রচারও হয়েছিল।

অভিষেক জানিয়েছিলেন, আগামী দিনে রাজ্যের অন্যান্য জায়গাতেও এই ধরনের স্বাস্থ্য শিবির চালু করা হবে। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে একাধিক মামলায় তদন্তের মুখে পড়েছেন তিনি। ভোটের প্রচারে ‘ডিজে’ সংক্রান্ত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের মামলা হয়েছে। বিধানসভায় সই জাল কাণ্ডেও সিআইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জেরা করেছে ইডি। কয়েক দিন আগে অভিষেকের আপ্তসহায়কের খোঁজে গভীর রাতে তাঁর কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। অভিযোগ, তালা ভেঙে বাড়িতে ঢোকেন তদন্তকারীরা। এই ঘটনাকে ঘিরেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে অভিষেক দাবি করেন, গত দু’সপ্তাহে তাঁর এবং তাঁর দফতরের সঙ্গে যুক্ত অন্তত ২৫ জনকে পুলিশ নানা ভাবে হেনস্থা করেছে। কাউকে তলব করা হয়েছে, কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের উপর অভিষেকের বিরুদ্ধে বয়ান দেওয়ার চাপ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

Related Articles