প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল, পাশের হারে বড় পতন, ফের জয়জয়কার ছাত্রীদের
গত বছরের তুলনায় এবার পাশের হার ৩ শতাংশেরও বেশি কমে গিয়েছে
Truth of Bengal: বুধবার প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। এ বছরের ফলাফলে একটি উল্লেখযোগ্য বিষয় হল পাশের হারের বড়সড় পতন। গত বছরের তুলনায় এবার পাশের হার ৩ শতাংশেরও বেশি কমে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর যেখানে পাশের হার ছিল ৮৮.৩৯ শতাংশ, এবার তা নেমে দাঁড়িয়েছে ৮৫.২০ শতাংশে। দেশজুড়ে তিরুবনন্তপুরম অঞ্চল পাশের হারে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে (৯৯.৮৫ শতাংশ), অন্যদিকে তালিকার সবথেকে নিচে রয়েছে প্রয়াগরাজ (৭২.৪৩ শতাংশ)।
এবারের পরীক্ষায় মোট ১৭ লক্ষ ৮০ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে পরীক্ষায় বসেন ১৭ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫ লক্ষ ৭ হাজার ১০৯ জন পড়ুয়া। লিঙ্গভিত্তিক ফলাফলের দিকে তাকালে দেখা যাচ্ছে, বরাবরের মতো এবারও ছাত্রদের টেক্কা দিয়েছেন ছাত্রীরা। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার ৬.৭৩ শতাংশ বেশি।
পরীক্ষার্থীরা নিচের পদ্ধতিগুলি অনুসরণ করে তাঁদের ফলাফল জানতে পারবেন:
-
অফিসিয়াল ওয়েবসাইট: সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইট cbse.gov.in অথবা results.cbse.nic.in-এ লগ-ইন করে ফল দেখা যাবে।
-
মোবাইল অ্যাপ: ডিজিলকার (DigiLocker) বা উমঙ্গ (UMANG) অ্যাপের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করা সম্ভব।
-
প্রয়োজনীয় তথ্য: ফল দেখার জন্য পরীক্ষার্থীদের রোল নম্বর, অ্যাডমিট কার্ড নম্বর, স্কুল নম্বর এবং সেন্টার নম্বর হাতের কাছে রাখতে হবে। পোর্টালে এই তথ্যগুলো দিলেই স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট।
২০২৬ সালের এই ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষাবিদ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। পাশের হার কিছুটা কমলেও ছাত্রীদের এই ধারাবাহিক সাফল্যকে ইতিবাচক হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল।



