নর্তকী সঙ্গে ফূর্তিতে মত্ত ‘সিংঘম’ অফিসার! ভিডিও ফাঁস করে অজয় পালকে তোপ মহুয়া-অখিলেশের
এবার সেই বিতর্ককে আরও উসকে দিয়ে অজয় পাল শর্মার কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
Truth of Bengal: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন উত্তরপ্রদেশের ‘সিংঘম’ হিসেবে পরিচিত আইপিএস অফিসার অজয় পাল শর্মা। যোগীরাজ্যের এই ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পরই নিজের ‘দাবাং’ মেজাজে বিতর্কে জড়িয়েছেন। সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরিবারের সদস্যদের সরাসরি ধমক দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়। এবার সেই বিতর্ককে আরও উসকে দিয়ে অজয় পাল শর্মার কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
Fair & lovely Babua @DripsAjaypal – good to see you enjoying yourself FantaCop style. Stay Thanda Thanda Cool Cool. Bengal is always Trinamool. pic.twitter.com/CYfJ1q3pzn
— Mahua Moitra (@MahuaMoitra) April 28, 2026
মহুয়া মৈত্রের শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, আলো-আঁধারি পরিবেশে এক লাস্যময়ীর সঙ্গে নাচে-গানে মত্ত রয়েছেন এই দাপুটে আইপিএস অফিসার। ভিডিওটি পোস্ট করে মহুয়া তাঁকে ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া’ সম্বোধন করে লিখেছেন, ‘দেখে ভালো লাগছে যে আপনি ফান্টা স্টাইলে ফূর্তি করতে ব্যস্ত। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। আর মনে রাখবেন, বাংলায় সবসময়ে তৃণমূল।’ এখানেই শেষ নয়, অন্য একটি ভিডিও পোস্ট করে তিনি প্রশ্ন তুলেছেন যে, এই অফিসার নাচের চেয়ে নিজের পেশাদার কাজে অর্থাৎ পুলিশিংয়ে বেশি দক্ষ কি না।
Oh and btw @DripsAjaypal hope your policing skills are better than your dancing skills….. just saying … heheh
— Mahua Moitra (@MahuaMoitra) April 28, 2026
এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতেও উত্তেজনা ছড়িয়েছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এই ভিডিওগুলোর তীব্র নিন্দা করেছেন। তাঁর মতে, একজন দায়িত্বশীল পুলিশ অফিসারের এহেন ছবি ও ভিডিও উত্তরপ্রদেশের জন্য লজ্জাজনক। ইন্ডিয়া জোটের শরিক অখিলেশ আরও দাবি করেছেন, বিজেপি ঘনিষ্ঠ মহলের মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শনের এটি একটি চরম দৃষ্টান্ত।
ফলতার ওই ভাইরাল ভিডিওতে অজয় পাল শর্মাকে বলতে শোনা গিয়েছিল, “কোনো ঝামেলা করলে এমন চিকিৎসা করব যে কেঁদেকেটেও লাভ হবে না।” তাঁর সেই হুমকির পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেসও এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করে এই অফিসারের বিরুদ্ধে অতীতে ওঠা নানা অভিযোগ, যেমন—টাকার বিনিময়ে পোস্টিং এবং নারীদের সঙ্গে প্রতারণার প্রসঙ্গটি সামনে নিয়ে এসেছে। সব মিলিয়ে, দ্বিতীয় দফার ভোটের আগে এই আইপিএস অফিসারের ভূমিকা ও ব্যক্তিগত জীবন নিয়ে শাসক-বিরোধী তরজা এখন তুঙ্গে।





