দেশ

পাঁচ দিনের বনধ, শিশু মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত মণিপুর

মণিপুরের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

Truth Of Bengal: চলতি মাসের প্রথম সপ্তাহে এক বিএসএফ জওয়ানের বাড়ি লক্ষ্য করে কুকি জঙ্গিদের রকেট হামলার ঘটনায় ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর। ওই হামলায় মৃত্যু হয় জওয়ানের ৫ মাস বয়সি শিশুকন্যা এবং ৫ বছরের এক বালকের। ঘটনার তীব্র প্রতিবাদে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। পথে নেমেছে নাগরিক সমাজ। ইতিমধ্যেই তারা মণিপুরে ৫ দিনের বন্‌ধের ডাক দিয়েছে।

মণিপুরের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। ইম্ফলে আয়োজন করা হয় রাত্রিকালীন সমাবেশ। হাতে মশাল নিয়ে মিছিল করেন বহু মহিলা। অভিযোগ, বিক্ষোভ দমাতে পুলিশ শক্তি প্রয়োগ করেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর খণ্ডযুদ্ধের ঘটনাও সামনে এসেছে। বিক্ষোভকারীদের দাবি, হামলার সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি, পার্বত্য এলাকায় সক্রিয় কুকি জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।

এদিকে রবিবার থেকেই শুরু হওয়া বন্‌ধের প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বন্ধ রয়েছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস। পরিবহন ব্যবস্থাও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। কিছু এলাকায় শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা চালু ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে, বিক্ষোভ নিয়ে কড়া বার্তা দিয়েছে মণিপুর পুলিশ। পুলিশের দাবি, প্রতিবাদের নামে সমাজ-বিরোধী কার্যকলাপ চলছে। যাঁরা হিংসা ছড়াচ্ছেন এবং বিক্ষোভকারীদের উসকানি দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরও দাবি করেছে, কিছু সমাজ-বিরোধী ব্যক্তি বিক্ষোভকারীদের পেট্রোল বোমা, লোহার গোলা লাগানো গুলতি, পাথর ইত্যাদি সরবরাহ করছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাতে বিষ্ণুপুর জেলার মোইরাং ট্রোংলাওবিতে এক বিএসএফ জওয়ানের বাড়িতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। অভিযোগ, কয়েকজন কুকি জঙ্গি ওই বাড়ি লক্ষ্য করে রকেট ছোড়ে। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ঘুমের মধ্যেই মৃত্যু হয় ৫ মাসের শিশুকন্যা এবং ৫ বছরের এক বালকের। গুরুতর জখম হন তাদের মা। এই মর্মান্তিক ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে বিষ্ণুপুর জেলা। ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ দল বেঁধে ট্রোংলাওবি এলাকা থেকে প্রায় ২০০ মিটার দূরে স্থানীয় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় বলেও অভিযোগ। তারপর থেকেই অশান্তির আগুন জ্বলছে রাজ্যজুড়ে।

রাজ্যের পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে বলে মনে করছে প্রশাসন। বন্‌ধ ও বিক্ষোভের আবহে মণিপুরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Related Articles