রাজ্যের খবর

সাংসদের ভাই অথচ পাননি সরকারি বাড়ি, শৌচালয়, শুভেন্দু সামন্তর আশ্বাসে আশান্বিত বিক্রম

শাসক দলকে তীব্র আক্রমণ শানাল গেরুয়া শিবির

Truth Of Bengal: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক সৌজন্য না কি বড় কোনো সমীকরণের ইঙ্গিত? খোদ ঘাটালের তৃণমূল সাংসদ তথা সুপারস্টার দেবের তুতো ভাইয়ের ভাঙা বাড়িতে হাজির হলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। ভোটের মুখে দেবের ভাই বিক্রম অধিকারীর বেহাল দশা তুলে ধরে শাসক দলকে তীব্র আক্রমণ শানাল গেরুয়া শিবির।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মহিষদা গ্রামে দেবের পৈতৃক ভিটে। সেখানেই সপরিবারে থাকেন তাঁর কাকা ও জেঠুরা। সাংসদের তুতো ভাই বিক্রম অধিকারী পেশায় এক অতি সাধারণ মানুষ, যাঁর জীবন কাটে দিন আনা দিন খাওয়ার লড়াইয়ে। সোমবার মহিষদা গ্রামে ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত সরাসরি বিক্রমবাবুর বাড়িতে ঢুকে পড়েন। সেখানে গিয়ে দেখা যায়, সাংসদ-ভ্রাতার বসবাসের ঘরটি কার্যত ভগ্নপ্রায় এবং বসবাসের অযোগ্য। বিক্রম অধিকারীর অভিযোগ, বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও তিনি আবাস যোজনার বাড়ি বা শৌচালয়ের মতো ন্যূনতম সরকারি সুবিধাও পাননি। এমনকি বাড়িতে যাতায়াতের রাস্তাটুকুও অত্যন্ত সংকীর্ণ ও কাদা-মাখা।

এই দৃশ্য দেখে বিজেপি প্রার্থী কটাক্ষের সুরে বলেন, “যাঁর নিজের বাড়ির লোকের কাছে উন্নয়ন পৌঁছয়নি, তিনি এলাকার মানুষের উন্নয়ন করবেন কীভাবে?” শুভেন্দু সামন্ত আশ্বাস দিয়েছেন যে, রাজ্যে বিজেপি সরকার এলে সবার আগে সাংসদের ভাইয়ের জন্য ঘর ও রাস্তার ব্যবস্থা করা হবে। অন্যদিকে, বিক্রম অধিকারী জানিয়েছেন, প্রতিশ্রুতি অনেক পেলেও বাস্তবে কিছুই মেলেনি। তবে বিজেপি প্রার্থীর এই আশ্বাসে তিনি কিছুটা আশান্বিত। যদিও এই স্পর্শকাতর বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। দেবের মতো হেভিওয়েট সাংসদের পরিবারের এই চিত্র এখন রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Related Articles