ভোটের ঠিক আগে ফের সক্রিয় ইডি: রেশন দুর্নীতিতে রাজ্যজুড়ে ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
দুর্নীতির শিকড়ে পৌঁছাতে তল্লাশি জারি রেখেছে ইডি
Truth Of Bengal: বিধানসভা নির্বাচনের ঠিক দুই সপ্তাহ আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের বড়সড় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার ভোর থেকে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর আগে এই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও, দুর্নীতির শিকড়ে পৌঁছাতে তল্লাশি জারি রেখেছে ইডি।
এদিনের অভিযানে কেন্দ্রীয় বাহিনী সাথে নিয়ে ইডি আধিকারিকরা কলকাতা, বনগাঁ, মুর্শিদাবাদ এবং হাওড়ার বিভিন্ন ঠিকানায় পৌঁছে যান। বিশেষ করে কলকাতার পোদ্দার কোর্ট, মিন্টো পার্ক এবং লর্ড সিনহা রোডের একাধিক ব্যবসায়ী ও তাঁদের অফিসে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ইডি সূত্রে খবর, এই মামলায় আগে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই ব্যবসায়ীদের নাম উঠে এসেছে। তাঁদের মাধ্যমেই দুর্নীতির টাকা লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রেশন দুর্নীতির এই মামলার সূত্রপাত হয়েছিল ২০২০ সালে নদিয়ায় ৭৬২ কেজি আটা উদ্ধারকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে যে রেশনের ২০ থেকে ৪০ শতাংশ গম সরিয়ে নিয়ে তা কালোবাজারি করা হতো। সেই তদন্তের সূত্র ধরেই ইডি জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শঙ্কর আঢ্যর মতো ব্যক্তিদের গ্রেফতার করেছিল। যদিও তাঁদের মধ্যে কয়েকজন বর্তমানে জামিনে মুক্ত, তবুও তদন্তের নতুন সূত্র ধরে আজকের এই মেগা অভিযান রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের মুখে এই সক্রিয়তা রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।






