তালাবন্ধ স্টুডিওপাড়া! নিরাপত্তার দাবিতে শিল্পী ও কলাকুশলীদের ‘একজোট’ লড়াই
রবিবার সন্ধ্যার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইন্ডাস্ট্রির সর্বস্তরের মানুষ।
Truth Of Bengal: প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা বিনোদন দুনিয়া। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান তিনি। এই মর্মান্তিক ঘটনা টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। ভবিষ্যতে যাতে আর কাউকে এমন পরিস্থিতির শিকার হতে না হয়, সেই দাবিতেই সরব হয়েছে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজক সংগঠনগুলো। মঙ্গলবার থেকে একযোগে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল, যার ফলে এদিন সকাল থেকেই কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা স্টুডিওপাড়া।
রবিবার সন্ধ্যার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইন্ডাস্ট্রির সর্বস্তরের মানুষ। প্রতিদিন ভোরে যেখানে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর শব্দে স্টুডিওগুলো মুখরিত থাকে, মঙ্গলবার সেখানে ছিল একদম থমথমে পরিবেশ। প্রতিটি শুটিং ফ্লোরে ঝুলছে তালা, নেই তারকাদের ব্যস্ততা বা কলাকুশলীদের কর্মতৎপরতা। স্টুডিও চত্বরের নিরাপত্তারক্ষীরাও নিশ্চিত নন যে ফের কবে থেকে কাজ শুরু হবে। তবে শুটিং বন্ধ থাকলেও রাহুলের বিচার এবং নিরাপত্তার দাবিতে এই লড়াইয়ে শামিল হতে পেরে অধিকাংশেরই মনে কোনো দ্বিধা নেই। মঙ্গলবার বিকেলের বৈঠকে কোনো সদর্থক সমাধান সূত্র বেরোলে দ্রুত কাজ শুরুর আশায় বুক বাঁধছেন অনেকে।
এদিন টেকনিশিয়ান স্টুডিওতে কোনো শুটিং নয়, বরং দেখা গেল এক বিশাল প্রতিবাদী জমায়েত। সকাল ১০টা থেকেই অভিনেতা ও টেকনিশিয়ানরা সেখানে জড়ো হতে শুরু করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার, পিয়া সেনগুপ্ত ও স্বরূপ বিশ্বাসের মতো ব্যক্তিত্বরা এদিন সশরীরে উপস্থিত থেকে এই আন্দোলনকে সংহতি জানান। সাংসদ-অভিনেতা দেবেরও আসার কথা রয়েছে এই জমায়েতে। প্রবীণদের জন্য উপস্থিতি বাধ্যতামূলক না করা হলেও, ইন্ডাস্ট্রির এই কঠিন সময়ে অগ্রজ ও অনুজদের এক ছাদের তলায় দাঁড়িয়ে একসুরে প্রতিবাদের এই ছবি টলিপাড়ায় বিরল। এখন সকলের নজর মঙ্গলবার বিকেলের বৈঠকের দিকে, যেখানে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।






