কলকাতারাজ্যের খবর

বজ্রগর্ভ মেঘের দাপট আর ঝোড়ো হাওয়া! কোন কোন জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী?

তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, যা কালবৈশাখী ও শিলাবৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

Truth of Bengal: অশান্ত প্রকৃতির থেকে এখনই স্বস্তি পাচ্ছেন না পশ্চিমবঙ্গের মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট অব্যাহত থাকবে। মূলত ওড়িশার ওপর অবস্থানরত একটি ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশের নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, যা কালবৈশাখী ও শিলাবৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়ের দাপট মঙ্গলবার থেকেই অনুভূত হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও অন্যান্য জেলায় ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে থাকলেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বুধবার পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ওই দিন হাওড়া, হুগলি, বাঁকুড়া ও দুই বর্ধমান জেলায় শক্তিশালী কালবৈশাখী আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুর্যোগের ছবিটা একই রকম। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা রয়েছে। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার সামান্য উন্নতি হবে। তবে পাহাড়ের জেলাগুলোতে শুক্রবারও বৃষ্টি চলবে।

কলকাতার আবহাওয়া সোমবারের রাতের বৃষ্টির জেরে বেশ মনোরম। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। মঙ্গলবার সকালের আকাশ পরিষ্কার থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৫ শতাংশ। বুধবার কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। তবে দীর্ঘস্থায়ী এই বৃষ্টির পর সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং দিনের তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পাবে।

Related Articles