দেশ

পদত্যাগ করলেও ‘জেড প্লাস’ নিরাপত্তা পাবেন নীতীশ কুমার, বিজ্ঞপ্তি জারি বিহার সরকারের

সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে জল্পনা আরও বেড়েছে

Truth Of Bengal: বিহারের রাজনীতিতে বড় চমক। মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেও নীতীশ কুমারের নিরাপত্তায় কোনও কাটছাঁট হচ্ছে না। পদত্যাগের পরও তিনি সর্বোচ্চ স্তরের জেড প্লাস নিরাপত্তা পাবেন বলে নির্দেশ জারি করেছে বিহার সরকারের স্বরাষ্ট্র দফতর। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে জল্পনা আরও বেড়েছে।

সরকারি নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে, বিহার স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট, ২০০০ অনুযায়ী নীতীশ কুমার এই নিরাপত্তা পাওয়ার অধিকারী। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতেই তাঁর আসন্ন পদত্যাগের ইঙ্গিতও মিলেছে। ফলে খুব শীঘ্রই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চলেছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের দাবি, সম্প্রতি নীতীশ কুমার রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। সেই কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা পর্যালোচনা করেই জেড প্লাস সুরক্ষা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় জেড, জেড প্লাস-সহ বিভিন্ন স্তরের সুরক্ষা থাকে। এর মধ্যে জেড প্লাস সর্বোচ্চ ক্যাটেগরি। এই নিরাপত্তার আওতায় সাধারণত প্রায় ৩৬ জন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ১০ জনেরও বেশি কমান্ডো এই সুরক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকেন। এদিকে, চলতি মাসের শুরুতেই নীতীশ কুমার বিহার বিধান পরিষদের সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন। সেই ঘটনার পর থেকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

নীতীশের ঘনিষ্ঠ মহলের ইঙ্গিত, সংবিধান অনুযায়ী কোনও ব্যক্তি বিধানসভা বা বিধান পরিষদের সদস্য না থাকলেও ছয় মাস পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন। তবে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের ধারণা, নীতীশ দ্রুতই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন। সব মিলিয়ে রাজ্যসভায় যাওয়ার প্রস্তুতির মধ্যেই নীতীশ কুমারের পদত্যাগ এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বিহারের রাজনীতিতে বড় রদবদলের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে।

Related Articles