ফর্ম ৬ নিয়ে বিতর্কে মুখ খুললেন সিইও, সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন
একটি নির্দিষ্ট রিসিভিং সেকশন রয়েছে, যেখানে যে কোনও নথি জমা পড়লে তা গ্রহণ করা হয়।
Truth of Bengal: রাজ্যে ভোটের প্রাক্কালে ফর্ম ৬ জমা ও ভোটার তালিকা সংশোধন নিয়ে ওঠা বিতর্কে মুখ খুললেন মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি নিয়ম মেনেই সিইও অফিসে সমস্ত নথি গ্রহণ করা হয় এবং ফর্ম ৬ গ্রহণে কোনও নিষেধাজ্ঞা নেই।সিইও জানান, “এটি একটি সরকারি দফতর। এখানে একটি নির্দিষ্ট রিসিভিং সেকশন রয়েছে, যেখানে যে কোনও নথি জমা পড়লে তা গ্রহণ করা হয়।
ফর্ম ৬ জমা পড়ার বিষয়টি প্রথমে আমার জানা ছিল না, পরে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি।”তিনি আরও বলেন, বছরে চারবার নতুন ভোটার হওয়ার সুযোগ থাকে এবং ১৮ বছর পূর্ণ হলে ফর্ম ৬ জমা দেওয়া যায়। যদিও ভোটের সময় মনোনয়নের নির্দিষ্ট সময়সীমার আগে, সাধারণত ১০ দিন পূর্ব পর্যন্তই এই ফর্ম জমা দেওয়ার সুযোগ থাকে। সফটওয়্যার সংক্রান্ত প্রশ্নে সিইও জানান, সিইও দফতরে সরাসরি নাম অন্তর্ভুক্ত করার কোনও ব্যবস্থা নেই। অভিযোগ পেলে তা জেলা নির্বাচন আধিকারিক এর কাছে পাঠানো হয় এবং তারাই প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
নোয়াপাড়া কেন্দ্র থেকে প্রাপ্ত একটি অভিযোগের উল্লেখ করে তিনি বলেন, “২৮ তারিখ নাম কাটা যাওয়ার পর আবেদনকারী আপিল করে ফর্ম ৬ জমা দিয়েছেন। সেই সমস্ত নথি কাছে পাঠানো হয়েছে, তারাই বিষয়টি নিষ্পত্তি করবেন।”






