প্রতীক্ষার অবসান! শিক্ষক নিয়োগের দিনক্ষণ ঘোষণা এসএসসির, কবে থেকে শুরু কাউন্সেলিং?
এখনই সব বিষয়ের কাউন্সেলিং হচ্ছে না; আপাতত সাতটি বিষয়ের সময়সূচি সামনে আনা হয়েছে।
Truth of Bengal: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্রথম দফার কাউন্সেলিং সূচি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। তবে এখনই সব বিষয়ের কাউন্সেলিং হচ্ছে না; আপাতত সাতটি বিষয়ের সময়সূচি সামনে আনা হয়েছে।
এসএসসির ঘোষণা অনুযায়ী, কাউন্সেলিং প্রক্রিয়াটি দুটি অর্ধে বিভক্ত থাকবে। প্রথম দফার কাউন্সেলিং শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় দফার কাজ শুরু হবে দুপুর ২টো থেকে। একই দিনে এবং একই সময়ে তিনটি পর্যন্ত বিষয়ের কাউন্সেলিং করার পরিকল্পনা নিয়েছে কমিশন। প্রথম পর্বে যে বিষয়গুলির ওপর নিয়োগ প্রক্রিয়া চলবে, সেগুলি হলো: অ্যান্ড্রোপলজি, হোম সায়েন্স, মিউজিক, সাঁওতালি, অ্যাগ্রোনমি, অ্যাকাউন্টেন্সি (বাংলা, হিন্দি ও উর্দু মাধ্যম), ফিজিক্যাল এডুকেশন। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে জানানো হয়েছে যে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাউন্সেলিংয়ের জন্য ইনটিমেশন লেটার ডাউনলোড করা যাবে। তবে কোন ক্যাটেগরিতে কোন স্কুলে কতগুলি শূন্যপদ রয়েছে, সেই বিস্তারিত তালিকা বা ‘ভ্যাকেন্সি লিস্ট’ শুক্রবার প্রকাশ করবে কমিশন। অন্যান্য বাকি বিষয়গুলির কাউন্সেলিং কবে হবে, তা পরবর্তী বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে।
কমিশন কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে যে, কাউন্সেলিংয়ের সময় নির্ধারিত নিয়ম এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার আসল নথি বা প্রমাণপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। যদি কোনো প্রার্থী সঠিক তথ্য বা কাগজপত্র জমা দিতে ব্যর্থ হন, তবে তাঁর সুযোগ বাতিল বলে গণ্য করা হতে পারে। আদালতের নির্দেশ মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এবার কোমর বেঁধে নেমেছে এসএসসি।






