জেলাশাসকদের মনোবল বাড়ালেন মুখ্যমন্ত্রী, কী বার্তা দিলেন তিনি?
নবান্ন সূত্রে খবর, বৈঠকে প্রশাসনিক কাজকর্ম ও নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
Truth Of Bengal: রাজ্যের জেলাশাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের মনোবল বাড়ালেন মুখ্যমন্ত্রী।মুখ্যসচিবের ডাকা এই বৈঠকে যোগ দেন তিনি। নবান্ন সূত্রে খবর, বৈঠকে প্রশাসনিক কাজকর্ম ও নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মুখ্যমন্ত্রী জেলাশাসকদের উদ্দেশে বলেন, “এতদিন আপনারা ভাল কাজ করে এসেছেন। আগামী দিনেও ভাল কাজ করুন। আপনাদের কোনও কিছুতেই ভয় পেতে হবে না। রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে।” তিনি আরও স্পষ্ট করে জানান, ভোট দেওয়া এবং ভোট পরিচালনার অধিকার গণতান্ত্রিক অধিকার—এটি কেউ কেড়ে নিতে পারবে না।

জাতীয় নির্বাচন কমিশনের সাতজন এআরও-কে সরাসরি সাসপেন্ড করার প্রসঙ্গও ওঠে বৈঠকে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, যাঁদের সাসপেন্ড করা হয়েছে তাঁরা জেলাশাসকদের দফতরে রিপোর্ট করবেন। যদিও তাঁরা নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না, তবে সরকারের অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ‘যুবসাথী’ প্রকল্প নিয়ে বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাঁরা যুবসাথী প্রকল্পে আবেদন করছেন, তাঁরা যেন সঠিকভাবে সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে জেলা প্রশাসনকে। সবমিলিয়ে, প্রশাসনের প্রতি আস্থা ও দৃঢ়তার বার্তাই উঠে আসে এদিনের বৈঠক থেকে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।






