কলকাতা

সেলিমকে ইমেল পাঠিয়ে ইস্তফা! দলের কর্মপদ্ধতি নিয়ে ক্ষোভ, সিপিএম-এর সঙ্গে বিচ্ছেদ প্রতীকের

প্রতীকের এই সিদ্ধান্তকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

Truth of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন ঘর গোছাতে ব্যস্ত আলিমুদ্দিন, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল সিপিএম। দলের রাজ্য কমিটি থেকে সোমবার পদত্যাগ করেছেন প্রাক্তন এসএফআই রাজ্য সভাপতি তথা তরুণ তুর্কি নেতা প্রতীক উর রহমান। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা প্রতীকের এই সিদ্ধান্তকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।

ঘটনার সূত্রপাত সোমবার সকালে, যখন প্রতীক উর রহমান সরাসরি দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে একটি ইমেল পাঠিয়ে নিজের পদত্যাগপত্র পেশ করেন। চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের বর্তমান কর্মপদ্ধতি এবং ভাবনার সাথে তিনি আর তাল মেলাতে পারছেন না। প্রতীক লিখেছেন যে বিগত কিছুদিন ধরে তিনি গভীর মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন এবং সেই কারণেই পার্টির রাজ্য ও জেলা কমিটির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নিতে চান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতীকের এই পদত্যাগের নেপথ্যে মহম্মদ সেলিমের সাথে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সাম্প্রতিক গোপন বৈঠক একটি বড় কারণ হতে পারে। গত জানুয়ারি মাসের শেষে কলকাতার নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে সেলিম ও হুমায়ুনের মধ্যে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক হয়। জানা গেছে, সেই বৈঠকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। এই বৈঠক নিয়ে দলের অভ্যন্তরে তরুণ প্রজন্মের নেতাদের একাংশ ক্ষুব্ধ ছিলেন, যার বহিঃপ্রকাশ প্রতীকের পদত্যাগের মধ্যে দিয়ে ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে।

প্রতীক উর রহমান সংবাদমাধ্যমের সামনে মুখ না খুললেও তার ঘনিষ্ঠ সূত্রে খবর, দলের ‘সাম্প্রদায়িক’ হিসেবে পরিচিত মুখগুলোর সাথে জোটের চিন্তাভাবনাকে তিনি সহজভাবে মেনে নিতে পারছেন না। ডায়মন্ড হারবার থেকে আগামী বিধানসভায় তার প্রার্থী হওয়া যখন প্রায় নিশ্চিত ছিল, ঠিক সেই সময়ে এই ইস্তফা দলের স্থানীয় সংগঠনকেও বড় বিপাকে ফেলেছে।

Related Articles