বাজেট পেশ হতেই কালিয়াগঞ্জে শুরু হল দেওয়াল লিখন
শহর যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে ১৭ নম্বর ওয়ার্ডের উত্তর চিড়াইল ও গণেশ টকিজ এলাকায় দলীয় প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন করা হয়।
Truth Of Bengal: সত্যেন মহন্ত, কালিয়াগঞ্জ: রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা আরও ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনের আগে পেশ হওয়া এই বাজেটে মা-বোনেদের জন্য বাড়তি বরাদ্দের সিদ্ধান্তকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।ভোটের আগেই এই চমকে গোটা মহিলামহল আনন্দে মাতোয়ারা।
এই প্রেক্ষিতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়েছে। শহর যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে ১৭ নম্বর ওয়ার্ডের উত্তর চিড়াইল ও গণেশ টকিজ এলাকায় দলীয় প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন করা হয়। দেওয়ালে তুলে ধরা হচ্ছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প এবং দলীয় প্রতীক। সেইসঙ্গে লেখা হচ্ছে ‘ গ্রাম শহর বলছে ভাই, সাম্প্রদায়িকতার ঠাঁই নাই, পশ্চিমবঙ্গের মানুষ বেঁধেছে জোট, জোড়া ফুলে মারবে ভোট।’ সেইসঙ্গে আঁকা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের ছবি। একথায় বলা যায়, রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে জোরকদমে দেওয়াল লিখন।
এই প্রসঙ্গে তৃণমূল সভাপতি রাজা ঘোষ জানান, আমাদের প্রার্থী যেই হোন না কেন, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় প্রতীকই আমাদের মূল ভরসা। তাই প্রার্থীর নাম বাদ দিয়েই জনমুখী প্রকল্পকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করা হয়েছে। আগামী দিনে গোটা কালিয়াগঞ্জ শহর জুড়েই এই কর্মসূচি চালানো হবে বলেও তিনি জানান।অন্যদিকে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির খুশিতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়ের সামনে আবীর খেলায় মেতে ওঠেন মহিলা তৃণমূল কর্মীরা। শহর মহিলা তৃণমূল সভানেত্রী সম্পা কুন্ডুর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, পুরপ্রধান বিশ্বজিত কুন্ডু, উপ-পুরপ্রধান জয়া বর্মণ, পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।






