কলকাতা

চিকিৎসা করতে গিয়েই বিপদ! রাজ্যে আরও দুই স্বাস্থ্যকর্মী আক্রান্ত নিপা ভাইরাসে, আনা হল বেলেঘাটা আইডিতে

বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Truth of Bengal: রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্ক আরও ঘনীভূত হচ্ছে। এবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এক নার্স ও এক হাউস স্টাফের শরীরে এই মারণ ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্ত নার্সের চিকিৎসা করতে গিয়েই তাঁরা সংক্রমিত হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে বুধবারই ওই দুই স্বাস্থ্যকর্মীকে তড়িঘড়ি কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বারাসতের একটি বেসরকারি হাসপাতালের দুই নার্সের অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা দুজনেই বর্তমানে কোমায় রয়েছেন। তাঁদের গ্লাসগো কোমা স্কেল বা জিসিএস সূচক ৫-এর নিচে নেমে গিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এর অর্থ হলো, তাঁদের চোখ খোলা, মৌখিক প্রতিক্রিয়া এবং শারীরিক নাড়াচাড়ার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে আসা রিপোর্টেও ওই নার্সদের একজনের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।

তদন্তে জানা গিয়েছে, আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা যশোর রোডের বারাসত রথতলা সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। অসুস্থ হয়ে পড়া সিস্টার নার্সটি গত ৩১ তারিখ নিজের বাড়িতে থাকাকালীন অসুস্থ বোধ করেন। প্রথমে তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় এক হাউস স্টাফ ও আর এক নার্স তাঁর সংস্পর্শে আসেন এবং তাঁদের শরীরেও ভাইরাসের লক্ষণ ফুটে ওঠে।

Related Articles