উত্তরকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ! ১০ ডিগ্রির নিচে একাধিক জেলা, জারি কুয়াশার সতর্কতা
আপাতত আগামী কয়েকদিন হাড়কাঁপানো এই ঠান্ডা বজায় থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Truth Of Bengal: রাজ্যে শীতের দাপট অব্যাহত। উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের ফলে সপ্তাহের শেষে আরও এক দফা পারদ পতন ঘটল বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় তাপমাত্রা ৬ ডিগ্রির ঘরে নেমে এসেছে। আপাতত আগামী কয়েকদিন হাড়কাঁপানো এই ঠান্ডা বজায় থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
চলতি সপ্তাহে কলকাতায় তাপমাত্রার গ্রাফ ওঠানামা করছে। গত মঙ্গলবার শহরের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নামার পর শুক্রবার তা সামান্য বেড়ে ১২.১ ডিগ্রি হয়েছিল। তবে শনিবার সকালে ফের পারদ নেমে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম (২২.৬ ডিগ্রি সেলসিয়াস) ছিল।
শীতের দাপটে উত্তরবঙ্গের অনেক জেলাকেও টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। শনিবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দার্জিলিংয়ে (৩.২ ডিগ্রি)। এর পরেই তালিকার শীর্ষে রয়েছে বীরভূমের শ্রীনিকেতন, যেখানে পারদ নেমেছে ৬.৬ ডিগ্রিতে। এ ছাড়া বাঁকুড়া (৭.২ ডিগ্রি), কল্যাণী (৭.৭ ডিগ্রি), সিউড়ি (৮.২ ডিগ্রি), বর্ধমান ও বহরমপুরে (৮.৬ ডিগ্রি) তাপমাত্রা ১০ ডিগ্রির অনেকটা নিচে রয়েছে। পানাগড়, পুরুলিয়া এবং ঝাড়গ্রামেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যেখানে দৃশ্যমানতা ৫০ মিটারে নামার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যা শনিবার বিকেলের দিকে শ্রীলঙ্কা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে পশ্চিমবঙ্গের ওপর এর সরাসরি কোনো প্রভাব পড়বে না। ফলে আগামী এক সপ্তাহ আকাশ পরিষ্কার ও শুকনো থাকবে।





