Odisha: ওড়িশায় হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ! ১৩টি জেলায় জারি হল সতর্কতা
বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে আগামী কয়েক দিনে শীতের প্রকোপ আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
Truth of Bengal: তীব্র ঠান্ডায় কাঁপছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। আগামী তিন দিন রাজ্যের ১৩টি জেলায় জাঁকিয়ে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বৃহস্পতিবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশ পরিষ্কার থাকায় ও উত্তুরে হাওয়ার প্রভাবে ওড়িশার বিস্তীর্ণ অংশে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে নেমে গিয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে আগামী কয়েক দিনে শীতের প্রকোপ আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মৌসম ভবনের বিজ্ঞানী ইউএস দাস জানিয়েছেন, ওড়িশার বিভিন্ন শহরে রাতারাতি তাপমাত্রার পতন ঘটেছে। রাজধানী ভুবনেশ্বরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। তবে সবচেয়ে শোচনীয় অবস্থা ময়ূরভঞ্জ জেলার সিমলিপালে, সেখানে পারদ নেমে দাঁড়িয়েছে শূন্য ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বৃহস্পতিবার ভোরে সিমলিগুড়ায় তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি। হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত ফুলবনি (৫ ডিগ্রি), রাউরকেলা (৫.৪ ডিগ্রি), ঝরসুগুড়া (৫.৮ ডিগ্রি) এবং দারিংবাড়িও (৬ ডিগ্রি)।
রাজ্যের অন্যান্য জেলাগুলোর মধ্যে ভবানীপাটনা ও নবরংপুরে তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে রয়েছে। কটক, কোরাপুট ও রায়গড়ে তাপমাত্রা ৯.৬ ডিগ্রিতে পৌঁছেছে। পারদ ১০ ডিগ্রির নিচে নেমেছে সোনপুরেও (৯.৯ ডিগ্রি)। সম্বলপুর ও মহিষপাতার মতো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসনগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।






