রাজ্যের খবর

Kolkata Metro: শীতের আমেজে ঘোরার সুযোগ! রবিবারেও মিলবে ঘনঘন মেট্রো, বড় ঘোষণা কর্তৃপক্ষের

ছুটির দিনে যারা ঘোরার পরিকল্পনা করছেন, তাঁদের যাতায়াত আরও সুবিধাজনক হতে চলেছে।

Truth of Bengal: জানুয়ারি মাসের প্রতিটি রবিবারে যাত্রীদের ভিড় সামলাতে বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ৪, ১১, ১৮ এবং ২৫ জানুয়ারি—এই চারটি রবিবার ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) উভয় রুটেই চলবে অতিরিক্ত মেট্রো। ফলে ছুটির দিনে যারা ঘোরার পরিকল্পনা করছেন, তাঁদের যাতায়াত আরও সুবিধাজনক হতে চলেছে।

ব্লু লাইন বা উত্তর-দক্ষিণ করিডোরে সাধারণত রবিবার ১৩০টি মেট্রো চলে, তবে এই বিশেষ দিনগুলিতে মোট ১৬০টি ট্রেন চালানো হবে। যাত্রীদের সুবিধার্থে সকাল ৯টা থেকেই দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম এবং নোয়াপাড়া থেকে পরিষেবা শুরু হয়ে যাবে। রাত ৯টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো পাওয়া যাবে। এছাড়া রাত ৯টা ৪৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছেড়ে যাবে। সবথেকে বড় সুবিধা হলো, দুপুর ৩টে ২০ থেকে সন্ধ্যা ৭টা ২০ পর্যন্ত ১০ মিনিটের পরিবর্তে মাত্র ৮ মিনিট অন্তর ট্রেন মিলবে।

অন্যদিকে, গ্রিন লাইনেও বাড়ছে পরিষেবার বহর। সাধারণত রবিবার ১০৮টি মেট্রো চললেও এই মাসে তা বাড়িয়ে ১২৪টি করা হয়েছে। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ৯টা বাজার কয়েক মিনিটের মধ্যেই প্রথম পরিষেবা শুরু হবে। দুই প্রান্তিক স্টেশন থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। এছাড়া হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক যাওয়ার শেষ ট্রেনটি মিলবে রাত ১০টা ৫ মিনিটে। এই রুটে বিকেল ৪টা ২ থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো চালানো হবে।

তবে ইয়েলো লাইনে রবিবারের পরিষেবা অপরিবর্তিত থাকছে। অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনের ক্ষেত্রে আগের নিয়ম মেনেই রবিবার পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে শীতের দুপুরে ভ্রমণের আনন্দ আরও কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন শহরবাসী।

Related Articles