রাজ্যের খবর

তিস্তায় র‍্যাফটিং প্রশিক্ষণের সময় দুর্ঘটনা: প্রাণ হারালেন সেনা জওয়ান

নদীর পাশ দিয়ে ৫৫ নম্বর জাতীয় সড়ক ধরে সেনার একটি নজরদারি দলও এগোচ্ছিল। গন্তব্য ছিল তিস্তা বাজার।

Truth Of Bengal: তিস্তা নদীতে জাতীয় স্তরের প্রতিযোগিতার প্রস্তুতি চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। র‍্যাফটিং প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু হলো এক সেনা জওয়ানের। মৃত জওয়ানের নাম রাজ শেখর (২৫), তিনি ১৯১ আর্টিলারি রেজিমেন্টের লান্স নায়েক পদে কর্মরত ছিলেন এবং শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনিতে পোস্টিং ছিল তাঁর।

সেনা সূত্রে জানা গেছে, আগামী বছরে একটি জাতীয় স্তরের র‍্যাফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ইস্টার্ন কমান্ডের জওয়ানদের প্রশিক্ষণ চলছিল। সোমবার সকালে সিকিমের বারদাং এলাকা থেকে ৩৩ ত্রিশক্তি কোরের ১৬ জন জওয়ানের একটি দল র‍্যাফটিং শুরু করে। নদীর পাশ দিয়ে ৫৫ নম্বর জাতীয় সড়ক ধরে সেনার একটি নজরদারি দলও এগোচ্ছিল। গন্তব্য ছিল তিস্তা বাজার।

কিন্তু বাংলা-সিকিম সীমান্তের তারখোলা এলাকায় পৌঁছাতেই ঘটে বিপত্তি। তিস্তার জলস্তর কমে যাওয়ায় নদীর তলদেশে থাকা তারখোলার পুরনো সেতুর ভাঙা অংশের একটি লোহার রড র‍্যাফটে আটকে যায়। এর ফলে র‍্যাফটের ভারসাম্য নষ্ট হয় এবং রাজ শেখর নদীতে পড়ে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান।

ঘটনার পরপরই অতিরিক্ত র‍্যাফ নামিয়ে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি শুরু হয়। দীর্ঘ চেষ্টার পর জওয়ানের দেহ উদ্ধার করা সম্ভব হলেও তিস্তার প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে চরম বেগ পেতে হয় সেনাকর্মীদের। শেষমেশ তারখোলা সেতুর ভাঙা অংশের সাথে দড়ি বেঁধে দেহটি উপরে তোলা হয়। উদ্ধারস্থলে জওয়ানকে সিপিআর দেওয়া হলেও কোনো সাড় মেলেনি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সেনা কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভূষণ দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছেন, “তিস্তা নদীতে র‍্যাফটিং প্রশিক্ষণের সময় এক জওয়ানের মৃত্যু হয়েছে। সেনা কর্তৃপক্ষ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।”

Related Articles