কলকাতা

যুবভারতীকাণ্ডে ‘সিট’ গঠনের পরামর্শ তদন্ত কমিটির

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা রবিবার মাঠ ও গ্যালারির একাধিক অংশ ঘুরে দেখেন।

Truth Of Bengal: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির সফরকে ঘিরে ঘটে যাওয়া বিশৃঙ্খলা ও অনিয়মের তদন্তে গতি আনল মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা রবিবার মাঠ ও গ্যালারির একাধিক অংশ ঘুরে দেখেন।

তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সকালের বৈঠকের পর প্রাক্তন বিচারপতি রায় জানান, মেসির সফরের দিন কারা কোন দায়িত্বে ছিলেন, তা জানতে সংশ্লিষ্ট দফতরগুলির কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি, ঘটনার গভীরে পৌঁছতে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠন করে তদন্ত করার পরামর্শও দেওয়া হয়েছে।

কমিটির মত মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সমন্বয়ের ঘাটতি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নথি সংগ্রহ ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।