কলকাতারাজ্যের খবর

Kolkata Weather: শীতপ্রেমীদের ‘পোয়া বারো’, মরশুমের শীতলতম দিন দেখল কলকাতা!

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম।

Truth of Bengal: অঘ্রাণের শেষ লগ্নে যেন প্রকৃতি তার শীতের ডালি উজাড় করে দিয়েছে। সপ্তাহান্তে শহর কলকাতার আবহাওয়া পুরোপুরি শীতপ্রেমীদের মনের মতো রয়েছে তা বলাই বাহুল্য। শনিবারের সকাল যেন শীতের ‘পোয়া বারো’ এনে দিল, পারদ পতনে কার্যত রেকর্ড ছুঁয়েছে তিলোত্তমা। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। তাপমাত্রার এই পতনই চলতি মরশুমে কলকাতাকে শীতলতম দিনের তকমা দিয়েছে। অন্যদিকে, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ।

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এই জাঁকিয়ে শীতের মূল কারণ হলো বঙ্গোপসাগরের উপরে আপাতত কোনও সিস্টেম না থাকা। ফলে উত্তরের হিমেল হাওয়া বাধাহীনভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এই উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশই পারদকে ক্রমশ নিম্নমুখী করে তুলছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী সাত দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এর ফলে দিন এবং রাতের তাপমাত্রা আরও কমবে। রবিবারও রাজ্যজুড়ে শীতের আমেজ বহাল থাকবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রার পারদ নিম্নমুখী, অধিকাংশ জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। পূর্বাভাস অনুযায়ী, রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে।

তবে শীতপ্রেমীদের নজর এখন অতীতের রেকর্ডের দিকে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পুরনো রেকর্ড বলছে, ২০২০ সালের ১৭ ডিসেম্বর এবং ২০২১ সালের ২০ ডিসেম্বর তিলোত্তমার পারদ নেমেছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। এই বছর সেই রেকর্ড ভাঙে কিনা, সেটাই দেখার জন্য অপেক্ষা করছেন সকলে। উত্তরবঙ্গেও আবহাওয়া মূলত একই রকম থাকবে। সকাল ও রাতের দিকে সেখানে জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকলেও, দিনের বেলায় ঠান্ডার দাপট কিছুটা কমবে। তবে ভোরের দিকে শীতের আমেজ থাকবে এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা কমবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Related Articles