কলকাতারাজ্যের খবর

Bengal Temperature Rise: শীতের আগমনে ‘বিরতি’! রাজ্যে বাড়ছে পারদ

রাজ্যের সব জেলাতেই চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

Truth of Bengal: শীতের আগমনি সুর বেজে উঠলেও, আপাতত শীতকাল পুরোপুরি জাঁকিয়ে বসতে কিছুটা ‘বিরতি’ নিচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়েই যে শীতল আমেজ রয়েছে, আগামী দিনগুলিতে তাতে খানিকটা ছেদ পড়তে চলেছে। উত্তরবঙ্গের কালিম্পং থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোর ও রাতের হালকা শিরশিরানি বজায় থাকলেও, আবহাওয়া দপ্তর জানাচ্ছে— রাজ্যের সব জেলাতেই চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন না হলেও, এর পরবর্তী সময়ে অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে শীতের আমেজ কিছুটা কমবে। এমনকি কলকাতাতেও এই সপ্তাহে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, বরং তা কিছুটা বৃদ্ধি পাবে। হাওয়া অফিসের পূর্বাভাস, নভেম্বরের পশ্চিমী হাওয়ার প্রভাবে এই হালকা আমেজ বজায় থাকলেও, পাকাপাকিভাবে শীতের আগমন ডিসেম্বর মাস পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

এদিকে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশার প্রভাব মূলত উপকূলীয় এবং সংলগ্ন জেলাগুলিতে বেশি অনুভূত হবে। আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করে জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, যেখানে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি— সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকছে সকালে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে আপাতত উত্তর বা দক্ষিণ— কোনো অংশেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

Related Articles