মানুষের জন্য কাজ করেছি, ভিডিওবার্তায় লালুকে কটাক্ষ নীতিশের
এখানেই শেষ নয়, রাজ্যবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি এটাও দাবি করেন যে দিনরাত এক করে মানুষের জন্য কাজ করেছেন, পরিবারের জন্য নয়।
Truth Of Bengal: আর ৫ দিন পর লালু গড় বিহারে হবে বিধানসভা নির্বাচন। তার আগে তাঁকে ভিডিও করে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তুলে ধরেন তাঁর আমলে রাজ্যের উন্নতির কথা। এখানেই শেষ নয়, রাজ্যবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি এটাও দাবি করেন যে দিনরাত এক করে মানুষের জন্য কাজ করেছেন, পরিবারের জন্য নয়।
শনিবার বিহারের নাগরিকদের উদ্দেশে ভিডিওবার্তায় নীতিশ বলেন যে তিনি সততার সাথে এবং কঠোর পরিশ্রম করে মানুষের সেবা করেছেন ২০০৫ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে। তাঁর বক্তব্য, “দায়িত্ব পাওয়ার পর থেকে আমি পরিশ্রম করেছি এবং আপনাদের সেবা করেছি। কাজ করেছি মানুষের জন্য। পরিবারের জন্য নয়।”
নীতিশ এটাও দাবি করেন যে তাঁর সরকার কাজ করেছে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, কৃষি এবং তরুণদের ভালোর জন্য। তিনি বলেন, “এর আগে যেই সরকার ক্ষমতায় ছিল, তারা কোনও কাজ করেনি মহিলাদের জন্য। মহিলারা নিজেদের পায়ে দাঁড়িয়েছেন আমার সময়েই। হিন্দু-মুসলিম থেকে শুরু করে দলিত-মহাদলিত, সকলের জন্য আমরা কাজ করেছি। কিছুই করিনি আমি আমার পরিবারের জন্য।”
প্রসঙ্গত, এবারের বিহারে বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথমটি ৬ নভেম্বর এবং দ্বিতীয়টি ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ তারিখে। রাজনৈতিক মহলের মতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেকোন শিবির ক্ষমতায় আসতে পারে। অর্থাৎ জয়ের রাস্তা দুই শিবিরের জন্যই খোলা। সেক্ষেত্রে দেখার যে কারা শেষ পর্যন্ত বাজিমাত করে। ইন্ডিয়া নাকি এনডিএ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোটা বিহারে।






